যুদ্ধ, বিস্ফোরণ, তালেবান, মানবিক সংকট— আফগানিস্তান মানেই এসব শব্দই ঘুরেফিরে আসে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। গত চার দশকের বেশি সময় ধরে সংঘাত আর রাজনৈতিক অস্থিরতা দেশটিকে এমনভাবে সংজ্ঞায়িত করেছে যে এর বাইরে কিছু কল্পনা করাই কঠিন। কিন্তু এই যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ডের আরেকটি রূপ আছে, যা খুব কমই শিরোনাম হয়। সেটা রূপটা হলো, একটি প্রাকৃতিক সৌন্দর্য, প্রাচীন ইতিহাস ও সমৃদ্ধ সংস্কৃতিতে ভরা এক আফগানিস্তান।

ভৌগোলিকভাবে আফগানিস্তান মধ্য ও দক্ষিণ এশিয়ার সংযোগস্থল। এই অবস্থানই একসময় দেশটিকে পরিণত করেছিল সভ্যতার মিলনকেন্দ্রে। হিন্দুকুশ পর্বতমালা দেশটির মেরুদণ্ডের মতো বিস্তৃত, যার ফাঁকে ফাঁকে রয়েছে উপত্যকা, নদী আর হ্রদ। বামিয়ান প্রদেশের বন্দ-ই-আমির ন্যাশনাল পার্ক তার উজ্জ্বল নীল পানির লেকগুলোর জন্য পরিচিত। ছয়টি প্রাকৃতিক হ্রদ পাহাড়ের কোলে সাজানো, যা অনেক পর্যটকের চোখে মধ্য এশিয়ার অন্যতম সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এই জায়গাটি আফগানিস্তানের সেই রূপটাই সামনে আনে, যা যুদ্ধের ছবির সঙ্গে একেবারেই মেলে না।

আফগানিস্তানের ইতিহাস হাজার বছরের পুরনো। এটি ছিল প্রাচীন সিল্ক রোডের গুরুত্বপূর্ণ অংশ, যেখানে দিয়ে যেত ব্যবসায়ী, পরিব্রাজক ও সেনাবাহিনী। বামিয়ানের বিশাল বুদ্ধমূর্তিগুলো আজ আর নেই, কিন্তু তাদের খোদাই করা পাহাড়, গুহা আর ধ্বংসাবশেষ এখনও সেই বৌদ্ধ সভ্যতার সাক্ষ্য বহন করে। হেরাত শহরের গ্রেট মসজিদ ইসলামি স্থাপত্যের এক অনন্য নিদর্শন, যেখানে নীল টাইলস আর সূক্ষ্ম নকশা আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। গজনীর মিনার কিংবা প্রাচীন বালখ শহর আফগানিস্তানের সেই সময়ের কথা বলে, যখন এটি ছিল জ্ঞান, সাহিত্য ও দর্শনের কেন্দ্র।
এই দেশের সংস্কৃতিও বহুমাত্রিক। পশতুন, তাজিক, হাজারা, উজবেকসহ নানা জাতিগোষ্ঠীর মানুষ এখানে বাস করে, যাদের ভাষা, পোশাক ও খাদ্যাভ্যাসে রয়েছে বৈচিত্র্য। আফগান কার্পেট বিশ্বজুড়ে বিখ্যাত। প্রজন্মের পর প্রজন্ম ধরে হাতে বোনা এই কার্পেট শুধু একটি পণ্য নয়, বরং একটি শিল্প। কাবুল বা হেরাতের বাজারে গেলে রঙিন কাপড়, গয়না আর মশলার সমাহার চোখে পড়ে। খাবারের তালিকায় রয়েছে কাবাব, নান, কাবুলি পোলাও— যেগুলো আফগান আতিথেয়তার অবিচ্ছেদ্য অংশ।
অতিথিপরায়ণতা আফগান সমাজের একটি গভীরভাবে প্রোথিত বৈশিষ্ট্য। বহু ভ্রমণকারী ও সাংবাদিকের অভিজ্ঞতায় উঠে এসেছে চরম দারিদ্র্য বা অনিশ্চয়তার মধ্যেও সাধারণ মানুষ অতিথিকে সম্মান দিতে কার্পণ্য করে না। চা অফার করা, গল্প করা, পথ দেখিয়ে দেওয়া— এসব ছোট ছোট আচরণ আফগানিস্তানের মানবিক দিকটি তুলে ধরে, যা সচরাচর ক্যামেরার সামনে আসে না।

তবে বাস্তবতাও অস্বীকার করা যায় না। বর্তমান আফগানিস্তানে পর্যটন অত্যন্ত সীমিত এবং ঝুঁকিপূর্ণ। নিরাপত্তা পরিস্থিতি, অবকাঠামোর অভাব, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও রাজনৈতিক অনিশ্চয়তা বিদেশি পর্যটনের পথে বড় বাধা। আজ যারা সেখানে যান, তারা মূলত সাংবাদিক, গবেষক বা ডকুমেন্টারি নির্মাতা। তবুও সাম্প্রতিক বছরগুলোতে কিছু অ্যাডভেঞ্চার ট্রাভেলার সীমিত পরিসরে দেশটিকে দেখার চেষ্টা করছেন, মূলত ইতিহাস ও প্রকৃতির টানে।

বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে যদি আফগানিস্তানে স্থিতিশীলতা ও নিরাপত্তা ফিরে আসে, তাহলে দেশটি কালচারাল ও নেচার-ভিত্তিক পর্যটনের জন্য গুরুত্বপূর্ণ গন্তব্য হয়ে উঠতে পারে। পাহাড়ি ট্রেকিং, ঐতিহাসিক স্থান পরিদর্শন এবং স্থানীয় সংস্কৃতি জানার আগ্রহ বিশ্বজুড়ে অনেক পর্যটকের মধ্যেই রয়েছে।

আফগানিস্তান নিঃসন্দেহে একটি ক্ষতবিক্ষত দেশ। কিন্তু শুধুই যুদ্ধের গল্পে তাকে আটকে রাখলে পুরো সত্যটা ধরা পড়ে না। ধ্বংসের আড়ালেও এখানে আছে সৌন্দর্য, ইতিহাস আর মানুষের জীবনের গল্প। সংবাদমাধ্যমে যে আফগানিস্তান আমরা দেখি না, সেটাই হয়তো একদিন দেশটির নতুন পরিচয় হয়ে উঠতে পারে।