ভিড়ের ইউরোপ থেকে একটু দূরে গিয়ে যদি প্রকৃতির সঙ্গে নিঃশ্বাস মেলাতে চান, তবে স্ক্যান্ডিনেভিয়া ও ফিনল্যান্ড হতে পারে আদর্শ ঠিকানা। নরওয়ের হিমবাহঘেরা পাহাড়, ডেনমার্কের শান্ত দ্বীপ, সুইডেনের কাঠের শহর কিংবা ফিনল্যান্ডের জমে যাওয়া হ্রদের ধারে কফির কাপ—এই উত্তর ইউরোপে ছুটি মানেই ধীর জীবন আর গভীর প্রশান্তি।
১. জোটুনহেইমেন ন্যাশনাল পার্ক, নরওয়ে
নরওয়ের এই পার্কে চারদিনের ট্রেকিং ও ওয়াইল্ড ক্যাম্পিংয়ের সময় আশপাশে কাউকেই দেখা যায়নি। সবুজ উপত্যকা আর শান্ত হিমবাহের হ্রদ যেন পুরোপুরি নিজের ছিল। জুলাই মাস হলেও পথে তুষার পেরোতে হয়েছিল। নরওয়ের ট্রেইল ও পাহাড়ি হাট নেটওয়ার্ক নতুন ট্রেকারদের জন্য আদর্শ।
২. আরহুস, ডেনমার্ক
কেবিনে থাকা, প্রতিদিন সাগরে সাঁতার, নিরিবিলি সৈকত আর শহরের আরহুস কুন্স্টমিউজিয়ামের রঙিন ওয়াকওয়ে—পরিবারের জন্য নিখুঁত ছুটি। স্থানীয় ক্যাফেতে মধ্যাহ্নভোজ, শান্ত পরিবেশ আর আধুনিক শিল্পের সমন্বয় দারুণ স্মৃতি গড়ে দেয়।
৩. স্টাভাঙ্গার, নরওয়ে
গামলে স্টাভাঙ্গারের সাদা কাঠের ঘর, ছোট বার ও স্থানীয় দোকান শহরটিকে ছবির মতো করে তোলে। কাছেই প্রেইকেস্টোলেন পাহাড় থেকে ফিয়র্ডের দৃশ্য নরওয়ের প্রকৃতির শক্তিশালী প্রমাণ।
৪. লাহতি ও লেক ভেসিয়ারভি, ফিনল্যান্ড
জমে যাওয়া হ্রদের ওপর হাঁটা, আইস স্কেটিং ও ক্রস-কান্ট্রি স্কিইং। ফিনল্যান্ডে সনা অনিবার্য—এবং স্থানীয় ক্যাফেগুলোতে কফির উষ্ণতা ধীর জীবনের ছন্দের সাথে মিশে যায়।
৫. রনডানে ন্যাশনাল পার্ক, নরওয়ে
শক্তপোক্ত নরওয়েজিয়ান ডোল ঘোড়ায় চড়ে পাহাড়ি পথ। ধীরগতিতে প্রকৃতির সৌন্দর্য উপভোগ এবং গাইডের কাছ থেকে স্থানীয় গল্প শোনা—ছুটির অন্যরকম অভিজ্ঞতা।
৬. বোর্নহোম দ্বীপ, ডেনমার্ক
সাদা বালুর সৈকত, মধ্যযুগীয় দুর্গের ধ্বংসাবশেষ, মাছের স্মোকারি এবং ঐতিহ্যবাহী বেকারির সংমিশ্রণ দ্বীপটিকে আলাদা পরিচয় দেয়। রোদঝলমলে দ্বীপটি বাল্টিক অঞ্চলের শান্তি অনুভব করার জন্য আদর্শ।
৭. নোরা, সুইডেন
স্টকহোম থেকে ১৩০ মাইল দূরে নোরা শহর। কাঠের বাড়ি, পাথরের রাস্তা, ১৯ শতকের ভিলাগুলো এবং নিকটবর্তী লেকগুলো—সাঁতার, পিকনিক এবং ধীর জীবন উপভোগের সুযোগ।