দক্ষিণ কোরিয়ার উপকূলজুড়ে ছড়িয়ে আছে অসংখ্য দর্শনীয় স্থান। তবে বুসানের পাথুরে পাহাড় আর উত্তাল সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে থাকা হায়েডং ইয়ংগুংসা মন্দির যেন অন্য সবকিছুকে ছাপিয়ে যায়। শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, ইতিহাস, আধ্যাত্মিকতা এবং আধুনিক পর্যটন সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন এই মন্দিরকে করেছে বিশেষ আকর্ষণীয়।
বুসান শহরের উপকণ্ঠে সমুদ্রঘেঁষা ঢালে নির্মিত এই বৌদ্ধ মন্দির সূর্যোদয় দেখার জন্য বিশেষভাবে জনপ্রিয়। ঢেউয়ের শব্দ, খাড়া শিলা আর দিগন্তজোড়া জলরাশির সঙ্গে মন্দিরের স্থাপত্য মিলিয়ে তৈরি হয় এক অনন্য দৃশ্য। স্থানীয় ট্রাভেল অপারেটরদের মতে, বিদেশি পর্যটকদের কাছে এটি এখন বুসানের অন্যতম কাঙ্ক্ষিত গন্তব্য।
মন্দিরটির অবস্থান নির্ধারণ করা হয়েছিল প্রাচীন ‘পুংসু জিরি’ দর্শনের ভিত্তিতে। এই ধারণায় পাহাড় ও সমুদ্রের সংযোগস্থলকে সৌভাগ্যের প্রতীক হিসেবে ধরা হয়। ফলে স্থাপত্যের পাশাপাশি এর ভৌগোলিক অবস্থানও বিশেষ তাৎপর্য বহন করে।
সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবে হায়েডং ইয়ংগুংসা এখন এক ধরনের প্রতীকী চিত্রে পরিণত হয়েছে। পর্যটকদের বড় অংশ এখানে ছবি তুলতে আসেন। অনেক ট্যুর গাইডের কাজের বড় অংশই এখন দর্শনার্থীদের জন্য সেরা ছবি তোলার ব্যবস্থা করা। এটি পর্যটন শিল্পের নতুন প্রবণতাকেও সামনে আনে, যেখানে অভিজ্ঞতা ও ব্যক্তিগত ভ্রমণ পরিকল্পনা বেশি গুরুত্ব পাচ্ছে।
কোরিয়ান সংস্কৃতির বৈশ্বিক জনপ্রিয়তা, বিশেষ করে কে-পপ ও কে-ড্রামার প্রভাবে দক্ষিণ কোরিয়ায় পর্যটকের সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্যভাবে। আগে যেখানে প্যাকেজ ট্যুর প্রাধান্য পেত, এখন ভ্রমণকারীরা নিজের মতো করে জায়গা ঘুরে দেখতেই বেশি আগ্রহী।
বুসান নিজেও একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক শহর। এখানে প্রতিবছর অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ‘ট্রেইন টু বুসান’ চলচ্চিত্রের মাধ্যমেও শহরটি বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে। সমুদ্রতীরবর্তী আবহাওয়া ও সার্ফিং সংস্কৃতিও পর্যটকদের টানে।
চতুর্দশ শতকে প্রতিষ্ঠিত হায়েডং ইয়ংগুংসা মন্দিরটি উৎসর্গ করা হয়েছিল করুণার দেবী গোয়ানসিউম-বোসালকে। মন্দিরে পৌঁছাতে ১০৮টি সিঁড়ি অতিক্রম করতে হয়, যা বৌদ্ধ ধর্মে আত্মশুদ্ধির প্রতীক। প্রবেশপথে চারটি পাথরের সিংহ রয়েছে, যা মানুষের চারটি অনুভূতি প্রকাশ করে।
মন্দিরের একটি উল্লেখযোগ্য অংশ হলো ট্রাফিক সেফটি প্যাগোডা। বর্তমানে এখানে নিরাপদ যাত্রার জন্য প্রার্থনা করা হলেও অতীতে জেলেরা সমুদ্রে যাওয়ার আগে এখানে প্রার্থনা করতেন। এছাড়া সুস্বাস্থ্য, ভালো ফলাফল বা সন্তান লাভের আশায়ও অনেকেই এখানে আসেন।
১৯৭৪ সালে মন্দিরটির নামকরণ করা হয় ‘ইয়ংগুংসা’ বা ড্রাগন প্যালেস। একটি প্রচলিত বিশ্বাস অনুযায়ী, মন্দিরের প্রধান সন্ন্যাসী স্বপ্নে ড্রাগনের পিঠে করুণার দেবীকে দেখেছিলেন। সেই স্মৃতিতে মন্দিরে এখনো ড্রাগনের ভাস্কর্য রয়েছে।