ভ্রমণ মানেই নতুন অভিজ্ঞতার খোঁজ। আর সেই খোঁজে বিশ্বজুড়ে পর্যটকদের নজর এখন এশিয়ার দিকে। প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি আর স্থাপত্যের মেলবন্ধনে গড়া এই মহাদেশের কিছু গন্তব্য সাম্প্রতিক সময়ে বিশেষভাবে আলোচনায় এসেছে। আন্তর্জাতিক ভ্রমণবিষয়ক ম্যাগাজিন ‘টাইম আউট’-এর প্রকাশিত বিশ্বের সেরা ৫১টি গন্তব্যের তালিকায় জায়গা করে নিয়েছে এশিয়ার বেশ কয়েকটি স্থান। এর মধ্যে পাঁচটি গন্তব্য বৈচিত্র্য, রোমাঞ্চ আর সৌন্দর্যের কারণে আলাদা করে নজর কাড়ছে।

কোমোডো ন্যাশনাল পার্ক, ইন্দোনেশিয়া
তালিকার দ্বিতীয় স্থানে থাকা এই গন্তব্য প্রকৃতিপ্রেমীদের জন্য এক বিস্ময়। পাদার দ্বীপ থেকে একসঙ্গে দেখা যায় সাদা, কালো ও গোলাপি বালুর তিনটি উপসাগর। ইউনেসকো স্বীকৃত এই পার্কের স্বচ্ছ পানির নিচে রয়েছে রঙিন প্রবাল, মান্তা রে ও ডলফিন। স্থলে দেখা মেলে বিশ্বের সবচেয়ে বড় টিকটিকি প্রজাতি কোমোডো ড্রাগনের।

থ্রি হোয়েল রক, থাইল্যান্ড
তালিকার ৩৬ নম্বরে থাকা থাইল্যান্ডের ইসান অঞ্চলের এই প্রাকৃতিক শিলা গঠন দূর থেকে তিনটি তিমির মতো দেখায়। ঘন জঙ্গলের ভেতর দিয়ে দাঁড়িয়ে থাকা বিশাল পাথরগুলো যেন চলমান জীবন্ত ভাস্কর্য। শিলার ওপর হাঁটার সময় মেকং নদী ও দূরের লাওসের পাহাড়ের মনোরম দৃশ্য উপভোগ করা যায়। সেখানে পৌঁছানোর যাত্রাটিও রোমাঞ্চকর।

পুনাখা উপত্যকা, ভুটান
ভুটানের পশ্চিমাঞ্চলের এই উপত্যকা তালিকার দশম স্থানে। পাহাড়ে ঘেরা এই অঞ্চল বসন্তেও শীতল আবহ ধরে রাখে। ঢালু জমিতে লাল ধান ও মরিচের চাষ, কুয়াশাচ্ছন্ন সকাল এবং ধাপে ধাপে সাজানো প্রকৃতি এক শান্ত পরিবেশ তৈরি করে। খামসুম ইউলি নামগিয়াল চোরতেন মন্দিরের স্থাপত্য ও ভেতরের দেয়ালচিত্র দর্শনার্থীদের মুগ্ধ করে।

হা জিয়াং প্রদেশ, ভিয়েতনাম
তালিকার ১৭ নম্বরে থাকা এই অঞ্চল অ্যাডভেঞ্চারপ্রেমীদের কাছে বিশেষ জনপ্রিয়। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, ধাপচাষের বিস্তৃত ধানখেত এবং থাম মা পাস ও মি পা লেং পাসের দৃশ্য একে অনন্য করে তুলেছে। প্রায় তিন হাজার ফুট নিচে বয়ে যাওয়া নহো কুয়ে নদী এখানকার অন্যতম আকর্ষণ।

এলা, শ্রীলঙ্কা
শ্রীলঙ্কার এই পাহাড়ি শহরটি শান্ত ও মনোরম পরিবেশের জন্য পরিচিত। এখানে রয়েছে বহু হাইকিং ট্রেইল। নাইন আর্চেস ব্রিজ এই অঞ্চলের প্রধান আকর্ষণ, যা ক্যান্ডি থেকে এলা পর্যন্ত ট্রেন যাত্রাকে বিশ্বখ্যাত করেছে। চা-বাগানের ভেতর দিয়ে চলা ট্রেন ভ্রমণ পর্যটকদের জন্য বিশেষ অভিজ্ঞতা তৈরি করে।

অন্য গন্তব্যগুলোর উপস্থিতি
এই তালিকায় আরও রয়েছে সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ, চীনের ঝাংয়ে জাতীয় ভূ-উদ্যান, জাপানের কিনকাকু-জি মন্দির, ভারতের জয়পুর এবং ভিয়েতনামের হোই আন। এসব গন্তব্যও এশিয়ার বৈচিত্র্যময় পর্যটন সম্ভাবনার প্রতিফলন।