ইতালির জনপ্রিয় পর্যটন দ্বীপ ক্যাপ্রি অতিরিক্ত ভিড়ের চাপ কমাতে বড় পর্যটক দলের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে। আসন্ন গ্রীষ্ম মৌসুম থেকে দ্বীপটিতে ৪০ জনের বেশি সদস্য নিয়ে কোনো পর্যটক দল প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ইতালির সংবাদ সংস্থা আনসার খবরে বলা হয়, শহর পরিষদ অনুমোদিত নতুন নিয়ম অনুযায়ী ২০ জনের বেশি সদস্যের কোনো পর্যটক দলের গাইড উচ্চস্বরে লাউড স্পিকার ব্যবহার করতে পারবেন না। এর পরিবর্তে পর্যটকদের সঙ্গে যোগাযোগের জন্য তাদের ওয়্যারলেস হেডসেট ব্যবহার করতে হবে।

এছাড়া দল চিহ্নিত করতে গাইডদের আর ছাতা বা চোখে পড়ার মতো কোনো বস্তু ব্যবহার করা যাবে না। এসবের বদলে তাদের একটি ছোট ও মার্জিত সাইনবোর্ড বহন করতে হবে, যাতে পথচারী ও স্থানীয়দের চলাচলে বাধা না সৃষ্টি হয়।

নেপলস উপসাগরে অবস্থিত ক্যাপ্রি দ্বীপটি সাদা ভিলা, মনোরম উপকূল ও বিলাসবহুল হোটেলের জন্য বিশ্বজুড়ে পরিচিত। দ্বীপটিতে স্থায়ী বাসিন্দা প্রায় ১৩ হাজার হলেও গ্রীষ্ম মৌসুমে প্রতিদিন প্রায় ৫০ হাজার পর্যন্ত পর্যটক ও দিনভ্রমণকারী সেখানে ভিড় করেন বলে বিভিন্ন হিসাবে উল্লেখ করা হয়েছে।

ব্যবসায়ী সংগঠন অ্যাসকম কনফকমার্চিও ক্যাপ্রি নতুন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। সংগঠনটির সভাপতি লোরেঞ্জো কপোলা বলেন, জনপ্রিয় এলাকাগুলোর ভিড় কমাতে এই বিধিনিষেধ একটি অত্যাবশ্যকীয় হাতিয়ার, যা পথচারীদের জন্য যথাযথ জায়গা পুনরুদ্ধারে সহায়ক হবে।

এর আগে ২০২৪ সালে ইতালির আরেক পর্যটন নগরী ভেনিসেও পর্যটক দলের সর্বোচ্চ সদস্য সংখ্যা ২৫ জন নির্ধারণ করা হয়েছিল।