উপশিরোনাম: টোকিওর তোশিমা ওয়ার্ডে ২০২৫ সালে প্রায় ২৯০টি পরিত্যক্ত স্যুটকেস উদ্ধার, ২০২৭ সালের এপ্রিল থেকে নতুন বিধি কার্যকরের পরিকল্পনা

জাপানে পর্যটকের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে নতুন এক সমস্যাও দেখা দিয়েছে। কেনাকাটার পর নতুন স্যুটকেস কিনে পুরোনোটি রাস্তায়, পার্কে কিংবা আবাসনের আশপাশে ফেলে যাচ্ছেন কিছু পর্যটক। এতে পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনায় চাপ বাড়ার পাশাপাশি নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় টোকিওর তোশিমা ওয়ার্ডে অবৈধভাবে স্যুটকেস ফেলে যাওয়ার ঘটনায় শাস্তির বিধান চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

জাপানের সংবাদমাধ্যম ইয়োমিউরি শিম্বুনের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী টোকিওর জনপ্রিয় কেনাকাটার এলাকা ইকেবুকুরোর অন্তর্ভুক্ত তোশিমা ওয়ার্ডে ২০২৫ সালে প্রায় ২৯০টি পরিত্যক্ত স্যুটকেস পাওয়া গেছে। এ সমস্যা ঠেকাতে ২০২৭ সালের মার্চের মধ্যে নতুন বিধি প্রণয়ন এবং একই বছরের এপ্রিল থেকে তা কার্যকরের পরিকল্পনা করছে স্থানীয় কর্তৃপক্ষ।

কেন বাড়ছে পরিত্যক্ত স্যুটকেস

ইকেবুকুরো স্টেশনের আশপাশে হোটেল ও স্বল্পমেয়াদি ভাড়ার আবাসন বেশি থাকায় সেখানে সমস্যাটি প্রকট। কর্মকর্তাদের ধারণা, কিছু পর্যটক কেনাকাটার পর নতুন স্যুটকেস কিনে পুরোনোটি ফেলে যাচ্ছেন। কেউ স্মারকসামগ্রী বহনের জায়গা তৈরি করতে, আবার কেউ বিমানে অতিরিক্ত মালপত্রের মাশুল এড়াতে এমনটি করছেন। দুর্বল ইয়েনের কারণে তুলনামূলক কম দামে জাপানি স্যুটকেস কেনার সুযোগও এ প্রবণতায় ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এতে স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি বাড়ছে। ইকেবুকুরো-হোনচোর এক বাসিন্দা ইয়োমিউরি শিম্বুনকে জানিয়েছেন, এলাকায় স্বল্পমেয়াদি ভাড়ার আবাসন বাড়ার পর থেকে তিনি রাস্তায় ৫০টির বেশি পরিত্যক্ত স্যুটকেস দেখেছেন।

পরিত্যক্ত স্যুটকেসের ভেতরে কী রয়েছে, তা নিয়েও উদ্বেগ আছে। অনেক বাসিন্দা এ কারণে পুলিশকে খবর দেন। তোশিমা ওয়ার্ডের পরিচ্ছন্নতা বিভাগের পরিচালক মিৎসুহিরো তাকাকুয়ার ভাষ্য অনুযায়ী, কখনো কখনো পুলিশকে সঙ্গে নিয়ে ভারী স্যুটকেস পরীক্ষা করতে হয়। এতে পরিচ্ছন্নতাকর্মীদের উল্লেখযোগ্য সময় ব্যয় হয়।

টোকিও ও বিমানবন্দরেও বাড়ছে সংখ্যা

নিক্কেইয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে টোকিওতে প্রায় ৪ হাজার ৬০০টি স্যুটকেস কুড়িয়ে পাওয়া সম্পত্তি হিসেবে নথিভুক্ত হয়েছে। ২০২২ সালে এ সংখ্যা ছিল প্রায় ২ হাজার ৬০০। পুলিশ তিন মাস ধরে সংরক্ষণ করলেও প্রায় ৭০ শতাংশ স্যুটকেসের মালিককে শনাক্ত করা যায় না।

বিমানবন্দরেও একই প্রবণতা দেখা যাচ্ছে। ২০২৫ সালে নারিতা বিমানবন্দরে ১ হাজার ২০১টি পরিত্যক্ত স্যুটকেস পাওয়া গেছে, যা তিন বছর আগের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি। নাগোয়ার চুবু সেন্ট্রেয়ার বিমানবন্দরে প্রতি মাসে প্রায় ৫০টি স্যুটকেস পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

জাপান জাতীয় পর্যটন সংস্থার হিসাবে, ২০২৫ সালে দেশটিতে বিদেশি পর্যটকের সংখ্যা রেকর্ড ৪ কোটি ২৬ লাখ ৮৩ হাজার ৬০০ জনে পৌঁছায়, যা আগের বছরের তুলনায় ১৫ দশমিক ৮ শতাংশ বেশি।

জাপানের বর্জ্য ব্যবস্থাপনা আইন অনুযায়ী, অবৈধভাবে বর্জ্য ফেলার অপরাধে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড, এক কোটি ইয়েন জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। নতুন বিধি চালু হলে পর্যটন এলাকাগুলোতে বর্জ্য ব্যবস্থাপনা ও জননিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টা আরও জোরদার হতে পারে।