ইতালির উত্তরাঞ্চলের ডোলোমাইটস পর্বতমালায় প্রায় এক হাজার ফুট নিচে পড়ে প্রাণ হারিয়েছেন ৩৬ বছর বয়সী এক মার্কিন পর্যটক।
গত ১৭ অক্টোবর পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন মিশেল আলেহান্দ্রা রুবিও লেইভা।
যুক্তরাষ্ট্রের মায়ামি এলাকার বাসিন্দা মিশেল বিপণন ও ব্যবসা উন্নয়ন পেশায় যুক্ত ছিলেন।
ইতালির সংবাদমাধ্যম কোরিয়েরে ডেলা সেরার বরাতে ফক্স নিউজ লিখেছে, ফোরচেলা পোর্দোই নামের একটি আল্পাইন গিরিপথের কাছে হাঁটার সময় ছবি তোলার জন্য তিনি নির্ধারিত পথ ছেড়ে সুবিধাজনক জায়গা খুঁজছিলেন। এ সময় পা পিছলে প্রায় এক হাজার ফুট বা ৩০০ মিটার নিচে পড়ে যান তিনি। ঘটনাটি তাঁর বোনের সামনেই ঘটে।
ট্রেন্তিনো আল্পাইন অ্যান্ড স্পেলিওলজিক্যাল রেসকিউ জানিয়েছে, দুর্ঘটনার সময় ওই পর্যটক পরিবারের সঙ্গে পাহাড়ে ঘুরছিলেন। প্রত্যক্ষদর্শীরা জরুরি সেবায় খবর দেন। পরে উদ্ধারকারী দল ও এয়ার অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়। দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উদ্ধারকারী দলের তথ্য অনুযায়ী, দুর্ঘটনাস্থলটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার ৭৫০ মিটার উঁচুতে অবস্থিত। মিশেলের পরিবারের অন্য সদস্যদের হেলিকপ্টারে করে কাছের কানাতসেই শহরে নিয়ে যাওয়া হয়।
ইতালির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ছবি তোলার জন্য ভালো অবস্থান খুঁজতে গিয়ে তিনি নির্ধারিত পথ ছেড়েছিলেন। তবে উদ্ধারকারী সংস্থার আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, পাহাড়ের একটি উন্মুক্ত ও বিপজ্জনক স্থানে তাঁর পা পিছলে যায়।