রাঙামাটির সাজেকে টানা পাঁচ দিন ধরে সড়ক অবরোধ চলায় পর্যটনকেন্দ্রটির কার্যক্রম বন্ধ রয়েছে। এতে পর্যটননির্ভর ব্যবসায়ীরা অনিশ্চয়তায় পড়েছেন। সংকট নিরসনে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করতে সরকারি প্রতিনিধি দল এলাকায় পৌঁছেছে।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেকে টানা পঞ্চম দিনের মতো সড়ক অবরোধ কর্মসূচি চলছে। সোমবার (২৬ অক্টোবর) সকালেও সাজেকের বিভিন্ন এলাকায় টায়ার জ্বালিয়ে অবরোধ করেন স্থানীয় দুটি সংগঠনের সদস্যরা। অবরোধের কারণে পর্যটনকেন্দ্রটি বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়েছেন পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের ডাকে এ কর্মসূচি পালিত হচ্ছে। গত ২২ অক্টোবর থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালের অবরোধের কারণে সাজেকের পাশাপাশি বাঘাইহাট ও দীঘিনালার সঙ্গে সড়ক যোগাযোগও ব্যাহত হচ্ছে।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সশস্ত্র সদস্যদের সাজেক এলাকা থেকে সরিয়ে নেওয়াসহ পাঁচ দফা দাবিতে তৃতীয় দফায় এ অবরোধ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। তাঁদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে, হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়া এবং আহত ব্যক্তিদের সুচিকিৎসার ব্যবস্থা করা।
এদিকে, সম্ভাব্য সংঘাত এড়াতে সাজেকে সেনাবাহিনী ও পুলিশের টহল জোরদার করা হয়েছে। সংকট নিরসনে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করতে সাজেকের উজোবাজারে পৌঁছেছে দুই সংসদ সদস্যসহ সরকারি একটি প্রতিনিধি দল। এ দলে হেডম্যান ও কারবারিদের প্রতিনিধিরাও রয়েছেন।