দুর্গাপূজার ছুটিতে রাঙামাটির কাপ্তাই হ্রদ ও আশপাশের পর্যটনকেন্দ্রগুলোতে বেড়েছে পর্যটকদের আনাগোনা। পাহাড়ঘেরা হ্রদে নৌভ্রমণ, সুবলং ঝরনার শীতল জলধারা উপভোগ এবং বিভিন্ন রিসোর্টে অবকাশযাপনে সময় কাটাচ্ছেন ভ্রমণপিপাসুরা। পর্যটকদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে হ্রদের তীরের দর্শনীয় স্থানগুলো।

কাপ্তাই হ্রদের পাড়ে অবস্থিত রাঙাদ্বীপ, ফুরমোন ও ওয়েলউড রিসোর্টে পর্যটকদের ভিড় চোখে পড়ছে। সবুজ পাহাড়, হ্রদের বিস্তৃত জলরাশি এবং নিরিবিলি পরিবেশ এসব রিসোর্টের অন্যতম আকর্ষণ। কেউ পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন, কেউ আবার বন্ধুদের সঙ্গে উপভোগ করছেন ছুটির অবকাশ।

হ্রদ ঘুরে দেখতে পর্যটকদের অনেকে বেছে নিচ্ছেন হাউসবোট ও ইঞ্জিনচালিত নৌকা। নৌভ্রমণের পথে তাঁদের আকর্ষণের কেন্দ্র সুবলং ঝরনা। পাথুরে ঢাল বেয়ে নেমে আসা ঝরনার পানিতে নেমে আনন্দে মেতে উঠছেন অনেকে।

এ ছাড়া রাঙামাটির পর্যটকদের অন্যতম আকর্ষণ ঝুলন্ত সেতু এবং ডিয়ার পার্কেও ভিড় দেখা যাচ্ছে। ডিয়ার পার্কে ঘুরে বেড়ানোর পাশাপাশি স্থানীয় আনারসের স্বাদ নিচ্ছেন দর্শনার্থীরা।

পাহাড়, হ্রদ, ঝরনা ও নৌভ্রমণকে ঘিরে রাঙামাটির পর্যটনকেন্দ্রগুলোতে ছুটির আমেজ ছড়িয়ে পড়েছে। প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটাতে কাপ্তাই হ্রদ ও আশপাশের দর্শনীয় স্থানগুলো বেছে নিচ্ছেন পর্যটকেরা।