ঈদুল আজহার টানা ছুটিকে ঘিরে বিদেশ ভ্রমণের পরিকল্পনা করছেন অনেকেই। তবে ভিসার জটিলতা, দীর্ঘ অপেক্ষা ও অনিশ্চয়তার কারণে অনেক সময় সেই পরিকল্পনা আর বাস্তবায়ন হয় না। এমন পরিস্থিতিতে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য সুখবর হলো, বিশ্বের ৩৬টি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ রয়েছে।

সম্প্রতি প্রকাশিত হেনলি অ্যান্ড পার্টনার্সের বৈশ্বিক পাসপোর্ট সূচক অনুযায়ী, বাংলাদেশি নাগরিকরা এসব দেশে ভিসামুক্ত প্রবেশ, অন-অ্যারাইভাল ভিসা কিংবা সহজ ই-ভিসা সুবিধায় ভ্রমণ করতে পারবেন। ফলে ঈদের দীর্ঘ ছুটিতে স্বল্প প্রস্তুতিতেই বিদেশ ভ্রমণের সুযোগ তৈরি হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। টানা সাত দিনের এই ছুটি ঘিরে পর্যটনপ্রেমীদের মধ্যে ইতোমধ্যে বেড়েছে বিদেশ ভ্রমণের আগ্রহ।

বাংলাদেশিদের জন্য সহজ ভ্রমণ সুবিধা থাকা দেশগুলোর মধ্যে রয়েছে মালদ্বীপ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, কেনিয়া, জ্যামাইকা, বার্বাডোজ, বাহামাস, ফিজি, সেশেলস, সামোয়া, রুয়ান্ডা, কেপ ভার্দে, কম্বোডিয়া, ত্রিনিদাদ ও টোবাগো, তিমুর-লেস্তে ও ভানুয়াতুসহ আরও কয়েকটি দেশ।

এ ছাড়া তালিকায় আছে ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, বুরুন্ডি, কোমোরোস, কুক দ্বীপপুঞ্জ, জিবুতি, ডমিনিকা, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, কিরিবাতি, মাদাগাস্কার, মাইক্রোনেশিয়া, মন্টসেরাট, নিউই, সিয়েরা লিওন, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস, গাম্বিয়া ও টুভালু।

ভ্রমণসংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশিদের মধ্যে স্বল্প খরচে ও কম ঝামেলায় বিদেশ ভ্রমণের আগ্রহ বেড়েছে। বিশেষ করে সমুদ্র, পাহাড় ও প্রকৃতিনির্ভর গন্তব্যগুলো এখন বেশি জনপ্রিয় হয়ে উঠছে।

তবে ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের প্রবেশনীতি ও শর্ত ভালোভাবে জেনে নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। কারণ কিছু দেশে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা থাকলেও কয়েকটি দেশে আগেই অনলাইনে ই-ভিসা আবেদন করতে হয়। পাশাপাশি হোটেল বুকিং, রিটার্ন টিকিট ও পর্যাপ্ত অর্থের প্রমাণও অনেক ক্ষেত্রে বাধ্যতামূলক হতে পারে।

ঈদের ছুটিতে হিমালয়ের কাছাকাছি নেপাল-ভুটান, সমুদ্রবেষ্টিত মালদ্বীপ কিংবা বন্যপ্রাণীর জন্য বিখ্যাত কেনিয়া হতে পারে ভ্রমণপিপাসুদের পছন্দের গন্তব্য। তাই শেষ মুহূর্তের ভিড় এড়াতে আগেভাগেই পরিকল্পনা ও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছেন পর্যটনসংশ্লিষ্টরা।