এক বছর পর আবারও পর্যটকদের জন্য খুলতে যাচ্ছে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন। আগামী ১ নভেম্বর থেকে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত পর্যটকরা দ্বীপটিতে যাতায়াত করতে পারবেন। ভ্রমণের সময়সীমা বেড়ে সাড়ে চার মাস হলেও দ্বীপে পৌঁছানোর খরচ দিন দিন বাড়ার ওপরেই আছে। 

টেকনাফ থেকে সরাসরি জাহাজ চলাচল বন্ধ থাকায় এবারও পর্যটকদের কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাট থেকে জাহাজে উঠতে হবে। ফলে ঢাকা থেকে সেন্ট মার্টিনে যাওয়া-আসায় পরিবারের খরচ কত যা দাঁড়াচ্ছে, তা কতজনের সামর্থ্যে কুলাবে, সেটা একটা বড়া প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। 
চার সদস্যের একটি পরিবারের দুই রাত তিন দিনের ভ্রমণের হিসাব ধরা যাক। সেক্ষেত্রে যাতায়াতের জন্য ট্রেনের স্নিগ্ধা কামড়া বা মোটামুটি মানের এসি বাস, জাহাজে মোটামুটি মানের আসন এবং থাকার জন্য মাঝারি মানের একটি কটেজ হিসেবে নিলে খরচটা ৫০ হাজারের কাছাকাছি ঠেকবে।

ঢাকা থেকে কক্সবাজার যাওয়া-আসার ট্রেনভাড়ায় চলে যাবে প্রায় ১২ হাজার টাকা। বাসা থেকে ঢাকা রেলওয়ে স্টেশনে যাওয়া এবং ফেরার দিন স্টেশন থেকে বাসায় ফিরতে সিএনজি অটোরিকশার ভাড়া বাবদ আরও ৪০০ টাকা লাগবে।

এরপর কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে জাহাজে যাওয়া-আসার পালা। জনপ্রতি দুই পথে মোট তিন হাজার ৫০০ টাকা হিসাবে চারজনের জন্য খরচ দাঁড়াবে ১৪ হাজার টাকা। তবে এটি আনুমানিক হিসাব; নতুন মৌসুমে জাহাজের নির্ধারিত ভাড়া অনুযায়ী প্রকৃত ব্যয় কমবেশি হতে পারে।
দ্বীপে দুই রাত থাকার জন্য একটি কটেজের ভাড়া প্রতি রাত তিন হাজার ৫০০ টাকা। সে হিসাবে দুই রাতের খরচ সাত হাজার টাকা। চারজনের খাবারের হিসাবও কম নয়। জনপ্রতি প্রতি বেলা ২০০ টাকা ধরে তিন দিনে মোট নয় বেলার খাবারের জন্য চারজনের খরচ হবে সাত হাজার টাকার বেশি।
এর বাইরে প্রত্যেক পর্যটকের জন্য নির্ধারিত ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি হিসাবে চারজনের দিতে হবে ৪০০ টাকা। কক্সবাজার শহর থেকে নুনিয়ারছড়া ঘাটে যাতায়াত এবং অন্যান্য আনুষঙ্গিক খরচের জন্য আরও আনুমানিক হাজার দুয়েক টাকা চলে যাবে। 

সব মিলিয়ে চার সদস্যের এই পরিবারের দুই রাত তিন দিনের সেন্ট মার্টিন ভ্রমণে সম্ভাব্য খরচ দাঁড়াবে ৪৩ হাজার টাকা। যারা ভ্রমণে যান, তারা জানেন, খরচ শেষমেশ হিসাবের মধ্যে থাকে না। সেই হিসাবে এই খরচ ৫০ হাজার টাকা ছাড়িয়ে যাওয়াটাও অস্বাভাবিক নয়। 
কারণ এর সঙ্গে কেনাকাটা, অতিরিক্ত খাবার, উন্নত মানের কটেজ কিংবা অন্য কোনো ব্যক্তিগত খরচ যোগ হয়ে যায় যেকোনো সময়। 

চারজনের একটি পরিবারের জন্য প্রায় ৫০ হাজার টাকা নিঃসন্দেহে বড় অঙ্ক। বিশেষ করে যেসব পরিবারের মাসিক আয়ের বড় অংশ বাসাভাড়া, খাবার, শিক্ষা ও দৈনন্দিন প্রয়োজন মেটাতে ব্যয় হয়, তাদের জন্য এই ভ্রমণের বাজেট তৈরি করা কঠিন হতে পারে।
সেন্ট মার্টিন খুলছে—এটা নিঃসন্দেহে পর্যটনপ্রেমীদের জন্য আনন্দের খবর। কিন্তু দ্বীপে যাওয়ার সুযোগ থাকা আর সেই ভ্রমণের খরচ বহন করতে পারা এক বিষয় নয়।