আগামী ১২ আগস্টের বিরল পূর্ণ সূর্যগ্রহণকে কেন্দ্র করে ইউরোপের দেশ স্পেনে পর্যটনের বড় উত্থানের আশা করা হচ্ছে। দেশটির সরকার ধারণা করছে, এই মহাজাগতিক ঘটনা দেখতে এক কোটিরও বেশি বিদেশি পর্যটক স্পেনে যেতে পারেন। বিশেষ করে উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলের ছোট শহর ও গ্রামগুলো এবার আন্তর্জাতিক পর্যটকদের নতুন আকর্ষণ হয়ে উঠছে।
স্পেনের পর্যটন খাত দীর্ঘদিন ধরে বার্সেলোনা, মালাগা ও ভূমধ্যসাগরীয় উপকূলকেন্দ্রিক। তবে এবারের সূর্যগ্রহণ দেশটির অভ্যন্তরীণ অঞ্চলগুলোকে নতুনভাবে বিশ্বের সামনে তুলে ধরার সুযোগ তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পূর্ণ সূর্যগ্রহণ দেখতে উত্তর-পশ্চিমাঞ্চলের গালিসিয়ায় যাওয়ার পরিকল্পনা করেছেন ব্রিটিশ পর্যটক ক্রিস শিয়ার্স। এর আগে তিনি পরিবার নিয়ে স্পেনের সমুদ্রসৈকত ও গলফ রিসোর্ট এলাকায় ছুটি কাটালেও এবার বেছে নিয়েছেন ভিন্ন অভিজ্ঞতা।
ক্রিস শিয়ার্স বলেন, জীবনে একবার দেখা যায় এমন একটি ঘটনার সাক্ষী হওয়ার পাশাপাশি স্পেনের এমন একটি অঞ্চল ঘুরে দেখার সুযোগ মিলছে, যেখানে আগে কখনও যাওয়া হয়নি।
স্পেন সরকার বলছে, সূর্যগ্রহণের মূল পথের মধ্যে থাকা ছোট শহর ও গ্রামগুলোতে এবার পর্যটকদের বড় সমাগম হতে পারে। তুলনামূলকভাবে গত বছরের আগস্টে পুরো স্পেনে বিদেশি পর্যটক এসেছিলেন প্রায় ১ কোটি ২৬ লাখ।
স্পেনের বিজ্ঞানবিষয়ক প্রতিমন্ত্রী হুয়ান ক্রুজ সিগুদোসা বলেন, উপকূলের বাইরে দেশের অভ্যন্তরীণ অঞ্চলগুলোতেও পর্যটকদের আগ্রহ বাড়বে বলে তারা আশা করছেন। এতে স্থানীয় অর্থনীতিও চাঙা হবে।
এই প্রভাব ইতোমধ্যেই দৃশ্যমান। পর্যটন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাডিউস জানিয়েছে, সূর্যগ্রহণের পথের মধ্যে থাকা ছোট শহরগুলোর হোটেল বুকিং এ বছর ৩৮৩ শতাংশ বেড়েছে।
গবেষণায় বলা হয়েছে, শুধু সূর্যগ্রহণের সপ্তাহেই প্রায় ৩৬ কোটি ইউরোর বেশি অর্থনৈতিক কার্যক্রম তৈরি হতে পারে। এর মধ্যে প্রায় ৮৮ শতাংশ আয় আসবে বিদেশি পর্যটকদের কাছ থেকে।
স্পেনের ছোট্ট গ্রাম আর্কোস দে সালিনাসের গ্যালাকটিকা স্কাই অবজারভেটরি এবার বিশেষভাবে আলোচনায় এসেছে। মাত্র ৮৬ জন মানুষের এই গ্রামে প্রায় ৩০ হাজার দর্শনার্থী আসতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় জ্যোতির্বিজ্ঞানী আলেহান্দ্রো ভেরা বলেন, আগামী দেড় বছরের মধ্যে আরও দুটি সূর্যগ্রহণ দেখা যাবে। ফলে জ্যোতির্বিজ্ঞানভিত্তিক পর্যটনের নতুন কেন্দ্র হিসেবে এই অঞ্চলগুলোর সম্ভাবনা আরও বাড়বে।
শুধু হোটেল ব্যবসাই নয়, স্থানীয় বিভিন্ন খাতেও বাড়ছে বাণিজ্যিক তৎপরতা। মাদ্রিদের কাছের একটি ওয়াইনারি ১০০ মার্কিন পর্যটকের জন্য বিশেষ ওয়াইন টেস্টিং ও সূর্যগ্রহণ দেখার আয়োজন করেছে।
গ্রামীণ কটেজ মালিক সারা রস জানান, এবারই প্রথমবারের মতো তিনি ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে গ্রীষ্মকালীন বুকিং পেয়েছেন।
তিনি বলেন, অনেক পর্যটক সূর্যগ্রহণ দেখার পাশাপাশি আশপাশে আর কী কী দেখা যায়, সেটিও জানতে চাইছেন। এতে স্থানীয় পর্যটনের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
এদিকে সূর্যগ্রহণের সময় পারসেইড উল্কাবৃষ্টিও দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিষ্কার আকাশ ও কম আলোকদূষণের কারণে স্পেনের গ্রামীণ অঞ্চলগুলো ভবিষ্যতে জ্যোতির্বিজ্ঞানভিত্তিক পর্যটনের অন্যতম গন্তব্য হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।