সবুজ পাহাড়, কুয়াশা মোড়া উপত্যকা, পাহাড়ি নদী আর বৈচিত্র্যময় নৃগোষ্ঠীর জীবনযাত্রা নিয়ে উত্তর ভিয়েতনাম ধীরে ধীরে ভ্রমণপ্রেমীদের স্বপ্নের গন্তব্য হয়ে উঠছে। লাও কাই থেকে লাই চাউ, হা জিয়াং থেকে কোয়াং নিং প্রতিটি অঞ্চলেই অপেক্ষা করছে আলাদা অভিজ্ঞতা। উন্নত যোগাযোগ ব্যবস্থা আর সহজ যাতায়াতের কারণে এখন এই অঞ্চল আগের চেয়ে অনেক বেশি ভ্রমণবান্ধব। এক বা দুই সপ্তাহ সময় হাতে থাকলে উত্তর ভিয়েতনামের প্রকৃতি ও সংস্কৃতির গভীরে ঢুকে পড়াই যায়।
১. ট্রেনে করে যাত্রা শুরু
হ্যানয় থেকে ট্রেনে চেপে নিন ভ্রমণের শুরু। নিন বিনের কার্স্ট পাহাড়, হাই ফংয়ের উপকূল কিংবা পাহাড়ি লাও কাই সব জায়গায় ট্রেন ভ্রমণ নিজেই এক অভিজ্ঞতা। ধীরগতির হলেও আরামদায়ক এই যাত্রায় গ্রামবাংলা আর ধানক্ষেত চোখের সামনে ভেসে উঠবে।
২. পাহাড়ি হোমস্টেতে রাত কাটানো
উত্তর ভিয়েতনামের পাহাড়ি এলাকায় স্থানীয় নৃগোষ্ঠীর ঘরে রাত কাটানো মানেই ভিন্ন এক জীবন দেখার সুযোগ। বাঁশ ও কাঠের ঘর, ঘরোয়া খাবার, ঘরে তৈরি চালের মদ আর ভোরের মোরগ ডাকা এই অভিজ্ঞতাকে স্মরণীয় করে তোলে।
৩. লাই চাউ প্রদেশে হারিয়ে যাওয়া
সাপা থেকে সহজেই পৌঁছানো যায় লাই চাউয়ে। তুলনামূলক কম ভিড়, দুর্গম পাহাড়ি রাস্তা আর সীমান্ত এলাকার রোমাঞ্চ এই অঞ্চলকে আলাদা করেছে। সিন সুই হো কিংবা ফং থো জেলার গ্রামগুলো প্রকৃতির খুব কাছাকাছি থাকার সুযোগ দেয়।
৪. কোয়াং নিংয়ে দ্বীপ ভ্রমণ
হা লং বে পর্যটকদের ভিড়ে ঠাসা হলেও এর সৌন্দর্য এড়িয়ে যাওয়া কঠিন। চাইলে সরকারি ফেরিতে ক্যাট বা দ্বীপ, কোয়ান লান বা কো তো ঘুরে দেখা যায়। এতে খরচ কম, অভিজ্ঞতা বেশি।
৫. কারুশিল্পের গ্রাম আবিষ্কার
লাই চাউয়ের ছুরি তৈরির গ্রাম, নাম দিনহের রেশমপল্লী বা বাক নিংয়ের চালের কাগজ তৈরির গ্রামগুলো এখনো ঐতিহ্য ধরে রেখেছে। এসব গ্রামে গেলে প্রাচীন ভিয়েতনামকে কাছ থেকে দেখা যায়।
৬. পাহাড়ি সাপ্তাহিক হাটে মিশে যাওয়া
উত্তর ভিয়েতনামের পাহাড়ি হাট শুধু কেনাবেচার জায়গা নয়, সামাজিক মিলনমেলা। ভোরে শুরু হয়ে দুপুরের আগেই শেষ হয়ে যায় এই হাট। স্থানীয় খাবার, ঐতিহ্যবাহী খেলা আর মানুষের কোলাহল আলাদা অভিজ্ঞতা দেয়।
৭. মু কাং চাইয়ের ধাপ ধানক্ষেত
হমং জনগোষ্ঠীর তৈরি ধাপ ধানক্ষেত বর্ষায় সবুজ আর শরতে সোনালি রঙে ভরে ওঠে। মাম সোইয়ের বাইরে লা পান তান বা লাও চাই এলাকাও ঘুরে দেখার মতো।
৮. স্থানীয় উৎসবে অংশ নেওয়া
চন্দ্র নববর্ষের পর বসন্ত উৎসবগুলোতে খেলাধুলা, গান, নাচ আর ভোজন চলে। নাম দাম বা বা বে লেক এলাকার উৎসবগুলোতে পর্যটকরাও স্বাভাবিকভাবে অংশ নিতে পারেন।
৯. ঝর্ণা আর নদীতে সাঁতার
বান জিওক জলপ্রপাত থেকে শুরু করে মো চাউয়ের বহু ঝর্ণা গ্রীষ্মে সাঁতারের আদর্শ জায়গা। পাহাড়ি নদীর ঠান্ডা পানি ভ্রমণের ক্লান্তি দূর করে।
১০. মোটরবাইকে স্বাধীন ভ্রমণ
উত্তর ভিয়েতনাম মোটরবাইক ভ্রমণের জন্য আদর্শ। দুর্গম গ্রাম, পাহাড়ি রাস্তা আর ছোট ছোট জনপদে পৌঁছাতে দুই চাকার বিকল্প নেই।