সরি। বিরক্ত করার জন্য সরি। দেরির জন্য সরি। আবহাওয়ার জন্য সরি। উপরের সব কিছুর জন্যই সরি।
যুক্তরাজ্যে ‘সরি’ শুধু ক্ষমা চাওয়ার শব্দ নয়, এটি এক ধরনের সাংস্কৃতিক প্রতিক্রিয়া। পাঁচ অক্ষরের এমন এক চাপমুক্তির উপায়, যা দিয়ে অনুরোধকে নরম করা হয়, অস্বস্তিকর পরিস্থিতি সামাল দেওয়া হয়, কথোপকথনের ফাঁক পূরণ করা হয় এবং অভদ্র শোনানোর মতো আতঙ্ক এড়ানো হয়। সম্ভবত এ কারণেই প্যাডিংটন আর মেরি পপিন্সের মতো ভদ্র চরিত্রগুলো ব্রিটিশ।
গড়ে একজন ব্রিটিশ দিনে প্রায় নয়বার ‘সরি’ বলেন, অর্থাৎ বছরে ৩ হাজার বারের বেশি। কিন্তু ভ্রমণকারীদের জন্য ধাঁধা হলো, তারা কতবার শব্দটি শুনছেন সেটা নয়; বরং ‘সরি’ আসলে কী বোঝায়, সেটা বোঝা।
কারণ হিসেবে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনে ‘সরি’ মানে অনুশোচনা হতে পারে। আবার এর অর্থ হতে পারে ‘একটু সরে দাঁড়ান’, ‘মাফ করবেন’, ‘আমি একমত নই’, ‘তাড়াতাড়ি করুন‘, ‘আপনি পথ আটকে আছেন‘, ‘আমি শুনতে পাইনি’ কিংবা ‘আমি বিরক্ত শোনাতে চাইছি না’।
এসব ব্যবহার শুধু যুক্তরাজ্যের জন্য একেবারে আলাদা নয়, তবে এর ঘনঘন ব্যবহার, বলার ধরন আর সূক্ষ্ম সামাজিক হিসাব-নিকাশ ব্রিটিশ সংস্কৃতির বিশেষ বৈশিষ্ট্য। ব্রিটেনকে প্রায়ই সংঘাত এড়িয়ে চলা সমাজ হিসেবে দেখা হয়, আর ‘সরি’ সেখানে সবচেয়ে বহুমুখী সামাজিক অস্ত্রগুলোর একটি, যার মাধ্যমে মানুষ ব্যক্তিগত পরিসর রক্ষা করে, মতবিরোধ নরম করে, সংঘর্ষ এড়ায় এবং সরাসরি অভদ্র না হয়ে নিয়ম মানতে বাধ্য করে।
মূলত ‘সরি’ এক ধরনের ভদ্রতার সংকেত। এই একটি শব্দ ব্রিটিশদের নানা সাংস্কৃতিক বৈশিষ্ট্যের ঝলক দেখায়। আর ভ্রমণকারীদের জন্য এই শব্দের অন্তর্নিহিত অর্থ বুঝতে পারা অনেক সময় বন্ধুত্বপূর্ণ আলাপ আর বিভ্রান্তিকর ব্রিটিশ ভুল বোঝাবুঝির মধ্যে পার্থক্য গড়ে দেয়।
১. রাস্তায় ‘সরি’
শুনতে যেমন লাগে: ক্ষমা চাওয়া।
আসলে যা বোঝাতে পারে: আপনি আমার পথে আছেন, আমি আপনার পথে আছি, আমরা দুজনই হঠাৎ একটু বেশিই কাছাকাছি চলে এসেছি, আর এখন দ্রুত এই অস্বস্তি দূর করা দরকার।
এখানে দোষের বিষয়টি গুরুত্বপূর্ণ নয়। বরং অপরিচিত কারও গায়ে হালকা ধাক্কা লাগা, ফুটপাত আটকে রাখা বা একই ছোট জায়গায় কয়েক সেকেন্ড বেশি দাঁড়িয়ে থাকার অস্বস্তিই মূল বিষয়।
কেউ আপনাকে ধাক্কা দিলে ‘সরি’ বলতে পারে, আপনি তাকে ধাক্কা দিলেও বলতে পারে, এমনকি কেউ ভুল না করলেও বলতে পারে। এর মানে হতে পারে ‘মাফ করবেন’, ‘আপনি আগে যান’, ‘একটু সরে দাঁড়াবেন?’ কিংবা ‘চলুন, এই ছোট্ট ধাক্কাধাক্কিটা ভুলে যাই’। এখানে মূল লক্ষ্য দোষারোপ নয়, বরং সামাজিক পরিস্থিতি মেরামত করা।
২. ‘সরি?’
শুনতে যেমন লাগে: আবার বলতে অনুরোধ করা।
আসলে যা বোঝাতে পারে: আমি শুনতে পাইনি অথবা শুনেছি, কিন্তু আপনি যা বললেন সেটা বুঝে নিতে একটু সময় চাই।
শেষে হালকা উঁচু স্বরে বলা এই ‘সরি?’ ইংরেজি ভাষার অন্যতম কার্যকর কথোপকথনের হাতিয়ার। এর অর্থ হতে পারে ‘কি বললেন?’, ‘আবার বলবেন?’ কিংবা ‘একটু সময় দিন’। কারণ সরাসরি ‘হোয়াট?’ অনেক সময় রূঢ় শোনাতে পারে, তাই ‘সরি?’ বেশি নরম ও কম সংঘাতপূর্ণ বিকল্প।
যুক্তরাজ্যে ভ্রমণকারীদের জন্য এটি বিশেষভাবে কাজে লাগে পাব, ট্রেন স্টেশন বা দ্রুতগতির কথোপকথনে, বিশেষ করে লিভারপুল, নিউক্যাসল বা গ্লাসগোর মতো অঞ্চলের জোরালো আঞ্চলিক উচ্চারণের ক্ষেত্রে।
তবে ঠান্ডা বা অবিশ্বাসভরা স্বরে বলা হলে এর মানে দাঁড়াতে পারে— ‘আমি শুনেছি, কিন্তু আপনি যা বললেন সেটা আরেকবার ভেবে বলার সুযোগ দিচ্ছি।’
৩. ‘সরি, আমি কি শুধু…’
শুনতে যেমন লাগে: ভদ্র অনুরোধ।
আসলে যা বোঝাতে পারে: আমি সামান্য একটু জায়গা নিতে চাইছি এবং আমার কারণে অসুবিধা হওয়ায় আগেভাগেই দুঃখ প্রকাশ করছি।
এটি ব্রিটিশদের আত্মসংকোচের ক্ষমা প্রার্থনা। ট্রেন, ক্যাফে, থিয়েটার, হোটেল লবি—যেখানেই কেউ স্বাভাবিক কোনো প্রশ্ন করতে চান, সেখানেই শোনা যায়:
“সরি, একটু পাশ দিয়ে যেতে পারি?”
“সরি, এখানে কেউ বসেছেন?”
“সরি, একটা প্রশ্ন করতে পারি?”
আসলে বক্তা সত্যিকারের দুঃখিত নন। তিনি শুধু অনুরোধ করা, বসা, হাত বাড়ানো বা প্রকাশ্যে একটু বেশি দৃশ্যমান হয়ে ওঠাকে নরম করে তুলছেন। আরও সরাসরি সংস্কৃতিতে হয়তো শুধু বলা হতো, “এই সিটটা খালি?” কিন্তু ব্রিটেনে সেখানে আগে “সরি” এসে হাজির হয়।
৪. “ওহ, সরি…”
শুনতে যেমন লাগে: সত্যিকারের ক্ষমা চাওয়া।
আসলে যা বোঝাতে পারে: আমি আপত্তি জানাচ্ছি, তবে সেটা ক্ষমা চাওয়ার মতো শোনাতে চাইছি।
এটি শুনতে আন্তরিক ক্ষমা প্রার্থনার মতো লাগলেও বেশিরভাগ সময় তা নয়। যুক্তরাজ্যে সরাসরি কথা বলা অনেক সময় অস্বস্তিকর মনে হয়। তাই কেউ নিজের অধিকার ফিরিয়ে নিতে চাইলে বলতে পারেন:
“ওহ, সরি, মনে হয় আমি আগে ছিলাম।”
“ওহ, সরি, এটা আমার সিট।”
“ওহ সরি, আমি এটা ব্যবহার করছিলাম।”
এখানে “সরি” বক্তাকে ভদ্রতার আড়াল দেয়, কিন্তু “ওহ”-এর পরের বিরতিটাই আসল বার্তা পৌঁছে দেয়। এটি এমন এক ব্রিটিশ সমঝোতা, যেখানে মানুষ না পুরো চুপ থাকে, না পুরো সত্যিটা সরাসরি বলে ফেলে।
৫. “সরি, কিন্তু…”
শুনতে যেমন লাগে: ভদ্রভাবে বাধা দেওয়া।
আসলে যা বোঝাতে পারে: আমি যতই চেষ্টা করি, আপনার সঙ্গে একমত হতে পারছি না। এখন আমি ব্যাখ্যা করতে যাচ্ছি কেন আপনি ভুল।
এটি আগাম ক্ষমা চাওয়া ধরনের বাক্য। মতবিরোধের আগে ছোট্ট নরম কুশন। এমন সংস্কৃতিতে, যেখানে প্রকাশ্য দ্বিমতকে রূঢ় মনে হতে পারে, সেখানে “সরি, কিন্তু…” মানুষকে আপত্তি জানানোর সুযোগ দেয়, আবার ভদ্রতার মুখোশও ধরে রাখে।
এভাবে মানুষ তর্ক করতে পারে, সংশোধন করতে পারে বা দ্বিমত জানাতে পারে—তবু দেখাতে পারে যে তারা ঝগড়া শুরু করতে চায় না। যদিও বাস্তবে তারা ঠিক সেটাই করতে যাচ্ছে।
কণ্ঠস্বরের ওপর নির্ভর করে এটি কখনও সমঝোতামূলক, কখনও বিরক্ত, কখনও এমনকি “সরি, কিন্তু আসলে আমি মোটেও দুঃখিত নই”—এমনও শোনাতে পারে।
ভ্রমণকারীদের জন্য আসল কৌশল হলো “কিন্তু”-র পর কী বলা হচ্ছে, সেটায় মনোযোগ দেওয়া। কারণ ব্রিটেনে সাধারণত আসল বার্তা সেখান থেকেই শুরু হয়।
৬. লাইনে দাঁড়িয়ে বা পাবে “সরি…”
শুনতে যেমন লাগে: শিষ্টাচারের স্মরণ করিয়ে দেওয়া।
আসলে যা বোঝাতে পারে: আমি অস্বস্তিকর করতে চাই না, কিন্তু এটা ঠিক হচ্ছে না; আপনি নিয়ম ভেঙেছেন।
ব্রিটেনে লাইনে কাট দেওয়া প্রায় ভয়ংকর অপরাধের মতো। সেখানে লাইন খুবই পবিত্র—ওয়েস্টমিনস্টার অ্যাবি বা উইম্বলডনের মতোই।
তাই মাঝখান থেকে ভদ্রভাবে বলা “সরি…” আসলে শিষ্টাচারের বার্তা—সবাইকে নিয়ম মেনে চলতে হবে।
এখানে “সরি”র মানে হতে পারে:
“পেছনে যান”,
“লাইন কাটবেন না”,
“দূরত্ব বজায় রাখুন”,
অথবা “সাহস থাকলে লাইন ভেঙে দেখুন।”
পাবে একই শব্দের অর্থ হতে পারে:
“আমি ঠিক আপনার পেছনেই আছি”,
“আমার আগে হওয়ার কথা ছিল”,
অথবা “দয়া করে এমন ভাব করবেন না যে আমাকে অপেক্ষা করতে দেখেননি।”
এটি ভদ্রতার মোড়কে মোড়া সংশোধন—আর সেটাই সম্ভবত সবচেয়ে ব্রিটিশ ধরনের সংশোধন।