আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ইবোলা ভাইরাসের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় কঠোর সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। দর্শনার্থী ও স্থানীয় জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে আফ্রিকার কয়েকটি উচ্চঝুঁকিপূর্ণ অঞ্চল থেকে আগত ভ্রমণকারীদের জন্য বিশেষ নজরদারি, প্রবেশ নিয়ন্ত্রণ এবং কোয়ারেন্টাইন ব্যবস্থার ঘোষণা দেওয়া হয়েছে।
আয়োজক দেশগুলোর যৌথ এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তর আমেরিকায় বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের স্বাগত জানানো হলেও জনস্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এ লক্ষ্যে সমন্বিত জনস্বাস্থ্যভিত্তিক ভ্রমণ ব্যবস্থাপনা কার্যক্রম চালু করা হচ্ছে। তবে কী ধরনের সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
সম্প্রতি আফ্রিকার কয়েকটি দেশে ইবোলা সংক্রমণ নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়তে থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। বিশ্বকাপ চলাকালে বিপুলসংখ্যক আন্তর্জাতিক দর্শনার্থীর আগমনকে সামনে রেখে স্বাস্থ্যঝুঁকি কমানোর উদ্যোগ জোরদার করেছে আয়োজকরা।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সরকার কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র (ডিআরসি), উগান্ডা এবং দক্ষিণ সুদান সফর করা বিদেশি নাগরিকদের ওপর ভ্রমণ-সংক্রান্ত নিষেধাজ্ঞা আরোপ করে। এর ধারাবাহিকতায় শুক্রবার (২৯ মে) দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) ঘোষণা দেয়, গত ২১ দিনের মধ্যে এসব দেশে অবস্থান করা গ্রিন কার্ডধারীদের ক্ষেত্রেও একই ধরনের বিধিনিষেধ কার্যকর হবে।
অন্যদিকে কানাডা ডিআরসি, উগান্ডা ও দক্ষিণ সুদানের বাসিন্দাদের জন্য ৯০ দিনের প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছে। গত বুধবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
কানাডার জনস্বাস্থ্য সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, কানাডার নাগরিক, স্থায়ী বাসিন্দা এবং অন্যান্য অনুমোদিত বিদেশি নাগরিক যারা সাম্প্রতিক সময়ে আক্রান্ত এলাকাগুলোতে অবস্থান করেছেন এবং যাদের মধ্যে কোনো উপসর্গ নেই, তাদেরও ৩০ মে থেকে ২১ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে।
মেক্সিকোও ইবোলা প্রতিরোধে সতর্কতা বাড়িয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডেভিড কারশেনোভিচ আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে কঠোর স্বাস্থ্য পরীক্ষা ও স্ক্রিনিং ব্যবস্থার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি নাগরিকদের ডিআরসিতে অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
এ ছাড়া ডিআরসি থেকে মেক্সিকোতে আগত যাত্রীদের জন্য ২১ দিনের কোয়ারেন্টাইন পালন বাধ্যতামূলক করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ইবোলা ভাইরাস অত্যন্ত প্রাণঘাতী হলেও দ্রুত শনাক্তকরণ, স্বাস্থ্য পরীক্ষা, সংস্পর্শ শনাক্তকরণ এবং সময়মতো কোয়ারেন্টাইনের মাধ্যমে সংক্রমণ নিয়ন্ত্রণ সম্ভব। তাই বিশ্বকাপকে কেন্দ্র করে জনসমাগম বাড়ার আগে উত্তর আমেরিকার তিন দেশ আগাম সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করেছে।