বসন্ত মানেই নতুন রঙ, হালকা রোদ আর স্বস্তির ভ্রমণ। শীতের কুয়াশা কেটে গিয়ে প্রকৃতি তখন ধীরে ধীরে প্রাণ ফিরে পায়। গ্রীষ্মের তীব্রতা শুরু হওয়ার আগের এই সময়টিই এশিয়া ভ্রমণের জন্য সবচেয়ে আদর্শ। পাহাড়, জঙ্গল, সমুদ্র আর ঐতিহ্যবাহী শহর সব জায়গাই বসন্তে হয়ে ওঠে আরও উপভোগ্য। এমনই বসন্তে ঘুরে দেখার মতো এশিয়ার আটটি আকর্ষণীয় গন্তব্য তুলে ধরা হলো।
আসাম, ভারত
বসন্তে বন্য প্রাণী দেখার জন্য আসামের কাজিরাঙা জাতীয় উদ্যান অনন্য। মার্চ মাসে লম্বা ঘাস কমে আসায় একশৃঙ্গ গন্ডারসহ নানা প্রাণী খোলা জায়গায় দেখা যায়। অভিজ্ঞ গাইডের সঙ্গে গেলে বাঘ, বন্য মহিষ, হাতি ও নানা প্রজাতির পাখি দেখার সুযোগ থাকে।
টিপস: গুয়াহাটি বিমানবন্দর থেকে গাড়িতে প্রায় পাঁচ ঘণ্টা সময় লাগে।
আপার ডলপো, নেপাল
নির্জন পাহাড়ি সৌন্দর্যের জন্য পরিচিত আপার ডলপো। মার্চ থেকে মে মাসে আবহাওয়া আরামদায়ক থাকে এবং বরফ গলে ট্রেকিং সহজ হয়। তিব্বতি সংস্কৃতি আর দুর্গম গ্রাম এই অঞ্চলের মূল আকর্ষণ।
টিপস: সরকার অনুমোদিত গাইড ও বিশেষ পারমিট বাধ্যতামূলক।
ভুটান
বসন্তে ভুটান রডোডেনড্রন ফুল আর উৎসবে ভরে ওঠে। পরিষ্কার আকাশে হিমালয়ের তুষারচূড়া দেখা যায়। এপ্রিলের পারো ছেচু উৎসব পর্যটকদের আলাদা অভিজ্ঞতা দেয়।
টিপস: লাইসেন্সপ্রাপ্ত ট্যুর অপারেটরের মাধ্যমে ভ্রমণ পরিকল্পনা করুন।
কারাকোরাম হাইওয়ে ও হিন্দুকুশ, পাকিস্তান
রোমাঞ্চপ্রেমীদের জন্য এই অঞ্চল আদর্শ। হুনজা উপত্যকা, গিলগিট ও চিত্রালের পাহাড়ি দৃশ্য বসন্তে সবচেয়ে সুন্দর।
টিপস: ভূমিধসের ঝুঁকি থাকায় পর্যাপ্ত সময় হাতে রাখুন।
ইস্টার্ন ভিসায়াস, ফিলিপাইনস
সাদা বালুর সৈকত আর নীল পানির জন্য পরিচিত এই অঞ্চল বসন্তে শান্ত থাকে। মালাপাসকুয়া, পাংলাও আর বোহোল দ্বীপ ঘুরে দেখা যায়।
টিপস: সেবু সিটি থেকে সহজে যাতায়াত করা যায়।
দক্ষিণ কোরিয়া
এপ্রিলে চেরি ফুলে ঢেকে যায় সিউল ও জিনহে শহর। ঐতিহাসিক গিয়ংজু শহর বসন্তে ঘুরে দেখার মতো।
টিপস: বুলেট ট্রেনে বিভিন্ন শহরে যাতায়াত সুবিধাজনক।
উবুদ, ইন্দোনেশিয়া
আরাম আর খাবারের জন্য উবুদ জনপ্রিয়। ধানখেত আর পাহাড়ঘেরা পরিবেশে যোগব্যায়াম ও ওয়েলনেস রিট্রিট উপভোগ করা যায়।
টিপস: স্কুটার ভাড়া করলে চলাচল সহজ হয়।
কিউশু, জাপান
চেরি ফুল দেখার জন্য কিউশু বসন্তের সেরা গন্তব্য। ফুকুওকা ও কুমামোতো দুর্গের চারপাশ গোলাপি ফুলে ভরে যায়।
টিপস: অন্তত পাঁচ দিন সময় নিয়ে ভ্রমণ করুন।