বিশ্বজুড়ে জনপ্রিয় পর্যটন গন্তব্যগুলো যখন অতিরিক্ত ভিড়ের চাপে নাকাল, তখন ধনী ও অতিধনীদের ভ্রমণ পছন্দ বদলে গেছে নাটকীয়ভাবে। এখন বিলাসিতা মানেই আর কেবল ব্যক্তিগত ইয়ট বা বহু-মিলিয়ন ডলারের অবকাশযাপন বাড়ি নয়—বরং এমন অভিজ্ঞতা, যেখানে থাকে একান্ততা, বিশেষ প্রবেশাধিকার এবং ভিড়মুক্ত পরিবেশ। ওয়ার্ল্ড লাক্সারি চেম্বার অব কমার্সের ২০২৬ সালের ট্রাভেল ট্রেন্ডস রিপোর্ট বলছে, বিলাসিতার নতুন মুদ্রা হলো ‘অ্যাক্সেস, অর্থাৎ যা সবার জন্য উন্মুক্ত নয়।

আকাশে ভাসমান হোটেল: ব্যক্তিগত জেটে বিশ্বভ্রমণ
বিশ্বভ্রমণ এখন আর কেবল ফার্স্ট ক্লাস টিকিটে সীমাবদ্ধ নেই। ‘ফোর সিজন হোটেলস অ্যান্ড রিসোর্টস’ তাদের কাস্টমাইজড ব্যক্তিগত জেটে ২০ থেকে ২৪ দিনের বিলাসবহুল বিশ্বভ্রমণ আয়োজন করছে।

বিশেষভাবে তৈরি এয়ারবাসে থাকে মাত্র ৪৮ থেকে ৫২টি আসন। ইতালীয় চামড়ার ফ্ল্যাটবেড সিট, অনবোর্ড শেফের তৈরি বিশেষ মেনু এবং নিবেদিত কনসিয়ার্জ টিম—সব মিলিয়ে এটি যেন আকাশের বুকে একটি পাঁচতারকা হোটেল।

এই সফরে ভ্রমণকারীরা যেতে পারেন বোরা বোরা, গালাপাগোস দ্বীপপুঞ্জ, পেত্রা, কিয়োটো বা সেরেঙ্গেটির মতো গন্তব্যে। সামুরাই তলোয়ার চালনার মতো বিশেষ সাংস্কৃতিক অভিজ্ঞতাও যুক্ত থাকে। এই বিশ্বভ্রমণের প্রারম্ভিক খরচ প্রায় দুই লাখ উনিশ হাজার ডলার।

পুরো দ্বীপ ভাড়া
অতিধনীদের আরেকটি জনপ্রিয় পছন্দ হলো সম্পূর্ণ একটি দ্বীপ ভাড়া নেওয়া। ফিলিপাইনের বানওয়া প্রাইভেট আইল্যান্ড, গ্রেনাডার ক্যালিভিনি আইল্যান্ড কিংবা ফিজির লাউকালা আইল্যান্ড— এসব দ্বীপে থাকে সীমিত ভিলা, ব্যক্তিগত রানওয়ে, গুরমে ডাইনিং ও বাটলার সার্ভিস।

ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে রিচার্ড ব্র্যানসনের নেকার আইল্যান্ড কিংবা বাহামাসে জাদুকর ডেভিড কপারফিল্ডের মালিকানাধীন মুশা কে— এসব জায়গায় অতিথিরা উপভোগ করতে পারেন বালুচরে ডিনার, ব্যক্তিগত সিনেমা, জলক্রীড়া ও ওয়েলনেস সেবা। কিছু দ্বীপে এক রাতের খরচ এক লাখ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে।

মহাকাশের কিনারায় স্পর্শ
রোমাঞ্চপ্রিয় ধনীদের জন্য এখন উন্মুক্ত মহাকাশ ভ্রমণ। ব্লু ওরিজিনের সাবঅরবিটাল ফ্লাইটে ১০ থেকে ১১ মিনিটের যাত্রায় কারমান রেখা অতিক্রম করে কয়েক মিনিটের ভারশূন্যতার অভিজ্ঞতা পাওয়া যায়।

আরও রোমাঞ্চ চাইলে ভারজিন গ্যালাকটিকের স্পেসপ্লেনে ৯০ মিনিটের সাবঅরবিটাল যাত্রা করা যায়। তবে পূর্ণ কক্ষপথে বহুদিন থাকার সুযোগ দেয় স্পেসএক্সের ক্রু ড্রাগন। সাতজন যাত্রীবাহী এই মহাকাশযানে রয়েছে বড় জানালা, ব্যক্তিগত বাথরুম ও আধুনিক প্রযুক্তি। প্রতি যাত্রীর খরচ প্রায় পাঁচ কোটি পঞ্চাশ লাখ ডলার।

মেরু অভিযানে অতিবিলাসিতা
সাম্প্রতিক বছরগুলোতে আর্কটিক ও অ্যান্টার্কটিক ভ্রমণের জনপ্রিয়তা বেড়েছে। হোয়াইট ডেজার্ট কেপটাউন থেকে ব্যক্তিগত জেটে অতিথিদের নিয়ে যায় অ্যান্টার্কটিকার অভ্যন্তরে বিলাসবহুল ক্যাম্পে। সেখানে উত্তপ্ত স্লিপিং পড, গুরমে খাবার এবং পেঙ্গুইনের উপনিবেশ দেখার বিরল সুযোগ রয়েছে। সাত থেকে আট দিনের সফরের সর্বনিম্ন খরচ প্রায় সত্তর হাজার ডলার।

মাসের পর মাস সমুদ্রপথে
দীর্ঘমেয়াদি বিশ্বভ্রমণ ক্রুজও এখন জনপ্রিয়। Regent Seven Seas Cruises-এর ১৪০ দিনের বেশি সময়ের বিশ্বভ্রমণ প্যাকেজে রয়েছে অল-সুইট, অল-ব্যালকনি অভিজ্ঞতা। গুরমে রেস্টুরেন্ট, সীমাহীন তীরভ্রমণ, প্রিমিয়াম পানীয় ও বিলাসবহুল স্যুট—সব মিলিয়ে এটি এক চলমান ছয়তারা রিসোর্ট।

বিলাসিতার নতুন সংজ্ঞা
সব মিলিয়ে স্পষ্ট যে, বিশ্বের অতিধনীরা এখন এমন ভ্রমণ খুঁজছেন যা একান্ত, ব্যতিক্রমী এবং সবার নাগালের বাইরে। ব্যক্তিগত জেট, মহাকাশযান, মেরু ক্যাম্প বা নির্জন দ্বীপ—বিলাসিতা এখন অভিজ্ঞতার গভীরতায়। ভ্রমণ আর শুধু গন্তব্য নয়, এটি হয়ে উঠেছে জীবনের সবচেয়ে এক্সক্লুসিভ স্মৃতি তৈরির এক মাধ্যম।