কক্সবাজারের মনোরম মেরিন ড্রাইভে ভ্রমণকারীদের জন্য বড় সুখবর আসছে। দেশের অন্যতম জনপ্রিয় এই পর্যটন করিডোরসহ গুরুত্বপূর্ণ পর্যটন স্পটগুলোকে ধাপে ধাপে ফ্রি ইন্টারনেটের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এতে পর্যটকদের অভিজ্ঞতা যেমন উন্নত হবে, তেমনি ডিজিটাল সেবা ব্যবহারের সুযোগও বাড়বে।
শনিবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত ‘সবার জন্য ইন্টারনেট’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এ তথ্য জানান।
তিনি বলেন, কক্সবাজার শহর থেকে টেকনাফ পর্যন্ত প্রায় ৮৪ কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন সড়ক। এই সড়কের পাশেই রয়েছে দরিয়ানগর পর্যটনপল্লি, হিমছড়ি ঝরনা, ইনানী ও পাটুয়ারটেকের পাথুরে সৈকতসহ বিভিন্ন দর্শনীয় স্থান। এসব স্পটকে পর্যটকবান্ধব করতে সেখানে ফ্রি ইন্টারনেট সুবিধা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।
মন্ত্রী আরও জানান, সরকারের লক্ষ্য হচ্ছে ইন্টারনেট সেবা দেশের প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে দেওয়া। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ডিজিটাল সংযোগ সম্প্রসারণে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া ফিশিং ট্রলারগুলোকেও স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেটের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।
সভায় মন্ত্রী উল্লেখ করেন, ইতোমধ্যে দেশের চারটি বিমানবন্দরকে ফ্রি ওয়াই-ফাই জোনে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি পর্যটক এক্সপ্রেস, কক্সবাজার এক্সপ্রেসসহ কয়েকটি আন্তনগর ট্রেনে পরীক্ষামূলকভাবে ফ্রি ইন্টারনেট সেবা চালু রয়েছে।
জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান এবং কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য দেন।