রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। ফলে শুক্রবার (১৬ অক্টোবর) থেকে পর্যটকেরা সাজেক ভ্রমণ করতে পারবেন। একই সঙ্গে দুর্গাপূজা উপলক্ষে সাজেক সড়কে ছয় দিনের জন্য স্থগিত করা হয়েছে অনির্দিষ্টকালের অবরোধ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাঙামালির জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানানো হয়। জেলা প্রশাসক নিজেও বিষয়টি নিশ্চিত করেছেন।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১১ অক্টোবর জারি করা নির্দেশনা পরিবর্তন করে সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা এবং ভ্রমণপ্রত্যাশীদের সুবিধার কথা মাথায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সময়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, ‘সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগের বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে। পরিস্থিতি পুনরায় পর্যালোচনার মাধ্যমে পরবর্তীতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সভাপতি ও রাঙামাটি জেলা পরিষদের সদস্য সুপর্ণ দেব বর্মণ। তিনি বলেন, ‘নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় জেলা প্রশাসককে ধন্যবাদ জানাই। এতে পর্যটন খাতের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সবাই আর্থিক ক্ষতি থেকে রক্ষা পাবেন।’
দুর্গাপূজায় ছয় দিন অবরোধ স্থগিত
এদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ ছয় দিনের জন্য স্থগিত করেছে স্থানীয় দুটি সংগঠন। সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা স্বাক্ষরিত যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেক সড়কে যানবাহন চলাচলে কোনো বাধা থাকবে না। এ সময়ে অবরোধ স্থগিত থাকবে।
এর আগে পার্বত্য অঞ্চলের দুটি আঞ্চলিক দলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাজেক এলাকায় অবরোধ ঘোষণা করা হয়। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে সাজেক ভ্রমণ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল জেলা প্রশাসন।
অবরোধ স্থগিতের ঘোষণার পরই পর্যটকদের জন্য সাজেক ভ্যালি উন্মুক্ত করার সিদ্ধান্ত নেয় প্রশাসন।