বিশ্বজুড়ে প্রেমিক-প্রেমিকাদের জন্য ভ্রমণ এখন শুধু ঘোরাঘুরি নয়, বরং একসঙ্গে সময় কাটানোর অনন্য অভিজ্ঞতা। সমুদ্রের ধারে সূর্যাস্ত, আঙুরবাগানে ওয়াইন টেস্টিং কিংবা শিল্পঘেরা শহরের নির্জন পথ—সব মিলিয়ে কিছু গন্তব্য তৈরি করছে নিখুঁত রোমান্টিক আবহ। এমনই পাঁচটি জনপ্রিয় ডেস্টিনেশন নিয়ে এই আয়োজন।
লস কাবোস, মেক্সিকো
সমুদ্র, বিলাসিতা ও নির্জনতার মিশেলে লস কাবোস এখন রোমান্টিক ভ্রমণের হটস্পট। এখানে থাকা যায় নোবু হোটেলের মতো মিনিমালিস্ট রিসোর্টে, যেখানে ব্যক্তিগত সুইমিং পুল থেকে শুরু করে সমুদ্রদৃশ্য সবই রয়েছে।
খাবারের জন্য সান হোসে দেল কাবোর আর্টস ডিস্ট্রিক্টের ডন সানচেজ রেস্তোরাঁ জনপ্রিয়। মেক্সিকান ঐতিহ্য ও আধুনিক রান্নার মিশ্রণে এখানে তৈরি হয় অনন্য স্বাদ। সূর্যাস্তের সময় ইয়টে ভ্রমণ কিংবা সকালে ফিশিং ট্রিপ—দুজনের জন্যই তৈরি করে স্মরণীয় মুহূর্ত।
চার্লস্টন, যুক্তরাষ্ট্র
ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে চার্লস্টন শহরটি দম্পতিদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা দেয়। ঐতিহাসিক পরিবেশের মধ্যে থাকা যায় দ্য চার্লস্টন প্লেস হোটেলে। এখানেই পাওয়া যায় বিশ্বখ্যাত শেফ ড্যানিয়েল হাম-এর বিশেষ মেনু, যেখানে স্থানীয় উপকরণে তৈরি হয় নতুন ধাঁচের খাবার। দিনের বেলায় স্পা ট্রিটমেন্ট আর সন্ধ্যায় শ্যাম্পেন ও ক্যাভিয়ার—এই শহর রোমান্সকে নিয়ে যায় অন্য উচ্চতায়।
নাপা ভ্যালি, ক্যালিফোর্নিয়া
নাপা ভ্যালি মানেই আঙুরবাগান আর বিলাসবহুল ওয়াইন অভিজ্ঞতা। বারডেসোনো হোটেলে থাকা যায়, যেখানে ব্যক্তিগত স্পা ও ইন-রুম সার্ভিস দম্পতিদের জন্য বিশেষভাবে সাজানো। এ অঞ্চলের বিখ্যাত ওয়াইনারি ব্রিওন-এ গিয়ে উপভোগ করা যায় প্রিমিয়াম ক্যাবারনে সোভিনিয়ঁ। এছাড়া বটলরক মিউজিক ফেস্টিভ্যাল ভ্রমণে যোগ করে সঙ্গীতের আমেজ, যা রোমান্টিক সফরকে করে আরও প্রাণবন্ত।
কিয়োটো, জাপান
প্রাচীন ঐতিহ্য আর শান্ত প্রকৃতির সমন্বয়ে কিয়োটো দম্পতিদের জন্য আদর্শ গন্তব্য। নিজো ক্যাসলের পাশে অবস্থিত বিলাসবহুল হোটেল দ্য মিৎসুই কিয়োটোতে পাওয়া যায় ঐতিহ্যবাহী জাপানি পরিবেশ।
এখানে ডিনারের জন্য জ্যাঁ-জর্জ রেস্তোরাঁ বিখ্যাত, যেখানে ফরাসি রান্না ও জাপানি উপকরণের সমন্বয় দেখা যায়। অন্যদিকে টিমল্যাব বায়োভরটেক্স মিউজিয়ামে ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল আর্ট উপভোগ করা যায়, যা ভ্রমণে যোগ করে ভিন্ন মাত্রা।
আমস্টারডাম, নেদারল্যান্ডস
খালপাড়ের শহর আমস্টারডাম শিল্প আর ইতিহাসে ভরপুর। রোজউড আমস্টারডাম হোটেলে থাকার অভিজ্ঞতা এখানে বিশেষ আকর্ষণ, যেখানে প্রতিটি কক্ষ আলাদা ডিজাইনের। শহরের ভ্যান গগ মিউজিয়াম ঘুরে দেখা যায় বিশ্বখ্যাত শিল্পীর অসাধারণ কাজ, যা দম্পতিদের জন্য হতে পারে অনুপ্রেরণার উৎস। এছাড়া শহরের ককটেল বারগুলোতে সন্ধ্যার সময় কাটানোও হয়ে উঠতে পারে রোমান্টিক।