বসন্ত এলেও আবহাওয়ার খামখেয়ালিপনা এখনো কাটেনি। একদিন রোদ, পরদিন বৃষ্টি। এমন অনিশ্চিত আবহাওয়ার মাঝেই অনেক ভ্রমণপ্রেমী খুঁজছেন নিশ্চিত রোদেলা গন্তব্য। বিশেষ করে এপ্রিল মাসে স্বল্প সময়ের ছুটিতে কাছাকাছি কোথাও উষ্ণ আবহাওয়া উপভোগ করার সুযোগ থাকলে তা হাতছাড়া করতে চান না কেউই।
ঠিক এই সময়টাতে ইউরোপের কিছু গন্তব্য হয়ে ওঠে আদর্শ। যুক্তরাজ্য থেকে চার ঘণ্টার কম ফ্লাইটেই পৌঁছে যাওয়া যায় এমন কয়েকটি জায়গা এপ্রিলের রোদ, মনোরম প্রকৃতি আর বৈচিত্র্যময় অভিজ্ঞতার জন্য বেশ জনপ্রিয়।
গ্রিসের লেফকাদা
এপ্রিল মাসে গড় তাপমাত্রা প্রায় ১৯ ডিগ্রি সেলসিয়াস। ‘গ্রিক ক্যারিবিয়ান’ নামে পরিচিত এই দ্বীপে রয়েছে সাদা বালির সৈকত আর নীল সমুদ্র। আগিওস নিকিতাস গ্রামের শান্ত পরিবেশ পর্যটকদের টানে। পোর্তো কাটসিকি সৈকত বিশ্বের অন্যতম সুন্দর সৈকত হিসেবে পরিচিত।
ইতালির ক্যাপ্রি
এপ্রিলেই প্রাণ ফিরে পায় এই ঐতিহাসিক দ্বীপ। গড় তাপমাত্রা থাকে প্রায় ২০ ডিগ্রি। মন্টে সোলারো থেকে উপসাগরের দৃশ্য, ব্লু গ্রোটো ঘুরে দেখা কিংবা ছোট নৌকায় দ্বীপ ভ্রমণ এখানে জনপ্রিয় অভিজ্ঞতা।
স্পেনের সেভিল
এপ্রিল মাসে এখানে তাপমাত্রা প্রায় ২৫ ডিগ্রি পর্যন্ত ওঠে। গ্রীষ্মের তীব্র গরমের আগে বসন্তই সেভিল ঘোরার সেরা সময়। ঐতিহাসিক স্থাপনা, পার্ক এবং খাবারের বৈচিত্র্য শহরটিকে আলাদা করে তোলে। আন্দালুসিয়ান খাবারের স্বাদ নিতে ফুড ট্যুর জনপ্রিয়।
পর্তুগালের মাদেইরা
প্রায় ২১ ডিগ্রি তাপমাত্রার এই দ্বীপকে অনেকে ‘ইউরোপের হাওয়াই’ বলেন। সবুজ পাহাড়, আগ্নেয় শিলা আর নীল সমুদ্র মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা দেয়। ফাঞ্চাল শহরের রঙিন পরিবেশ ও স্থানীয় পানীয় ‘পনচা’ এখানে বিশেষ আকর্ষণ।
তুরস্কের ইজমির
এপ্রিল মাসে প্রায় ২২ ডিগ্রি তাপমাত্রা থাকে। ‘এজিয়ানের মুক্তা’ নামে পরিচিত এই শহরে আধুনিক জীবনধারা ও ইতিহাসের মিশেল দেখা যায়। কেমেরালতি বাজার, কর্ডন প্রমেনেড এবং আলসানজাক এলাকার নাইটলাইফ পর্যটকদের আকর্ষণ করে।
ইতালির পালের্মো ও চেফালু
এপ্রিলের গড় তাপমাত্রা প্রায় ১৯ ডিগ্রি। পালের্মো ইতিহাস, সংস্কৃতি ও খাবারের জন্য বিখ্যাত। কাছেই চেফালু, যেখানে সমুদ্রতট, পাহাড় আর শান্ত পরিবেশ মিলিয়ে এক দিনের ভ্রমণের জন্য আদর্শ গন্তব্য।