যুক্তরাষ্ট্রের গানলক ফলস কোনো সাধারণ জলপ্রপাত নয়। গত ১৫ বছরে এটি মাত্র চারবার প্রবাহিত হয়েছে, তাও খুব নির্দিষ্ট প্রাকৃতিক পরিস্থিতিতে।
এই জলপ্রপাতের অবস্থান গানলক স্টেট পার্কে। তবে এখানে প্রবাহমান পানি দেখা অত্যন্ত বিরল। অনেক সময় দর্শনার্থীরা বছরের পর বছর অপেক্ষা করেও পানির ক্ষীণ স্রোত পর্যন্ত দেখতে পান না।
কীভাবে তৈরি হয় এই জলপ্রপাত?
গানলক ফলস পুরোপুরি নির্ভরশীল এর উপরের ২৬৬ একর আয়তনের জলাধারের ওপর। যখন জলাধারটি ধারণক্ষমতা ছাড়িয়ে যায়, তখন বাঁধ উপচে পানি নিচের লাল পাথুরে ঢালে নেমে আসে।
ফলাফল হিসেবে তৈরি হয় এক মনোমুগ্ধকর দৃশ্য। সবুজাভ পানি ও সাদা ফেনা গাঢ় লাল পাথরের সঙ্গে তীব্র বৈপরীত্য সৃষ্টি করে। এই বিরল দৃশ্য দেখতে দেশজুড়ে ভ্রমণপ্রেমীরা ছুটে আসেন।
কেন এত বিরল?
গত ৩০ বছরে হাতে গোনা কয়েকবার প্রাণ ফিরে পেয়েছে এই জলপ্রপাত। তবে অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে ২০২৩, ২০২৪ এবং এবার ২০২৬ সালেও টানা তিন বছরে এটি প্রবাহিত হয়েছে, যা অত্যন্ত ব্যতিক্রমী ঘটনা।
সাধারণত শীতের শেষভাগ বা বসন্তের শুরুতে কয়েক সপ্তাহের জন্যই জলপ্রপাতটি দেখা যায়। চলতি বছর ফেব্রুয়ারির শেষ দিকে পানি প্রবাহ শুরু হয়েছে এবং মার্চ মাসেও মাঝে মাঝে পানি নামছে, যদিও দিনের বিভিন্ন সময়ে পানির মাত্রা ওঠানামা করছে।
পার্ক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বিকেলের শেষভাগে পানির প্রবাহ সবচেয়ে বেশি থাকে।
দর্শনার্থীর ঢল
এই বিরল দৃশ্য দেখতে ইতোমধ্যে ব্যাপক ভিড় জমেছে। উটাহ স্টেট পার্কস কর্তৃপক্ষ জানিয়েছে, মার্চের প্রথম নয় দিনে প্রায় ১০ হাজার দর্শনার্থী সেখানে গিয়েছেন।
আর গত বছরের পুরো মার্চ মাসে, যখন জলপ্রপাতটি শুকনো ছিল, সেখানে মোট দর্শনার্থীর সংখ্যা ছিল ১২ হাজার।
কীভাবে দেখবেন?
জলপ্রপাতের কাছাকাছি যেতে হলে প্রায় ৩০ মিনিটের একটি হাইকিং ট্রেইল পাড়ি দিতে হয়। পথটি সাধারণত নতুন বা শুরুকারীদের জন্যও উপযোগী বলে বিবেচিত।
প্রকৃতির এই বিরল বিস্ময় দেখতে চাইলে ভ্রমণের আগে পার্কের সর্বশেষ আপডেট জেনে নেওয়া ভালো।