দেশীয় ঐতিহ্য, সংস্কৃতি, পর্যটন সম্ভাবনা ও দেশি-বিদেশি খাবারের বৈচিত্র্য তুলে ধরতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হচ্ছে চার দিনব্যাপী ‘৪র্থ পর্যটন মেলা ও খাদ্য উৎসব ২০২৬’। আগামী ৪ থেকে ৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে এ মেলা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে আয়োজিত এ উৎসবে থাকছে দেশি-বিদেশি বিভিন্ন খাবার, দেশীয় হস্তশিল্প এবং উদ্যোক্তাদের পণ্য ও উদ্যোগের প্রদর্শনী। পাশাপাশি দর্শনার্থীদের জন্য আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকসংগীত, নৃত্য পরিবেশনা, আলোচনা সভা ও শিক্ষার্থীদের পরিবেশনা।

আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজনের মাধ্যমে দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতির প্রচার, পর্যটনশিল্পের সম্ভাবনা তুলে ধরা এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্যোক্তা হওয়ার আগ্রহ বাড়বে।

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জাহিদ হোসেন ক্যাম্পাস রিপোর্টকে বলেন, ‘পর্যটনশিল্পের বিকাশ, দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতির প্রচার এবং শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জনের ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা আশা করি, এ মেলা শিক্ষার্থী ও দর্শনার্থীদের মধ্যে পর্যটন সম্পর্কে আগ্রহ বাড়ানোর পাশাপাশি নতুন সম্ভাবনা তুলে ধরবে।’

বিভাগের অধ্যাপক ড. মো. এনায়েত হোসাইন বলেন, ‘পর্যটন মেলা ও খাদ্য উৎসব শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা পর্যটন, আতিথেয়তা, খাদ্যসংস্কৃতি ও উদ্যোক্তা কার্যক্রম সম্পর্কে আরও বিস্তৃত ধারণা লাভ করতে পারবে।’

চার দিনব্যাপী এ আয়োজনে প্রতিদিন সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক পরিবেশনা। ৪ নভেম্বর ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা, সংগীতানুষ্ঠান ও নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে শুরু হবে সাংস্কৃতিক আয়োজন। ৫ নভেম্বর থাকছে আলকাপ গান ও নৃত্য পরিবেশনা।

এ ছাড়া ৬ নভেম্বর পরিবেশিত হবে গম্ভীরা গান ও শিক্ষার্থীদের পরিবেশনা। উৎসবের শেষ দিন ৭ নভেম্বর থাকছে আলকাপ গান, ‘মেলোডি অব বিডি’ এবং ‘অগ্নি অ্যালায়েন্স’-এর নৃত্য পরিবেশনা। প্রথম দুই দিন রাজশাহী বিশ্ববিদ্যালয় ডান্স ক্লাবের পরিবেশনাও থাকছে।