বিদেশ ভ্রমণে কোনো দেশের বিমানবন্দরই পর্যটকের কাছে সেই দেশের প্রথম পরিচয়। আর সেই পরিচয় যদি হয় শিল্প, সংস্কৃতি ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার সমন্বয়ে, তাহলে তা সহজেই নজর কাড়ে। ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর তেমনই এক অভিজ্ঞতা উপহার দিয়েছে এক বিদেশি পর্যটককে। বিমানবন্দরের পরিচ্ছন্নতা, গোছানো ব্যবস্থাপনা ও নান্দনিক শিল্পকর্ম দেখে মুগ্ধ ওই নারী বলেছেন, ইউরোপের অধিকাংশ বিমানবন্দরের তুলনায় দিল্লি বিমানবন্দর অনেক বেশি সুশৃঙ্খল।

সম্প্রতি ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে দিল্লি বিমানবন্দরের টার্মিনাল-৩-এর আগমন ও অভিবাসন এলাকায় থাকা ‘ক্যানিয়ন ওয়াল অব মুদ্রাস’ শিল্পস্থাপনা তুলে ধরেন ওই পর্যটক। এসকেলেটর দিয়ে নামার সময় দেওয়ালে সারি সারি হাতের ভঙ্গি দেখে কৌতূহলী হয়ে ওঠেন তিনি। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “দেওয়ালে ছোট ছোট হাতের ছবি রয়েছে।” পরে ভারতীয় দর্শকদের কাছে এসব হাতের ভঙ্গির অর্থ জানতে চান তিনি।

ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, “দিল্লি বিমানবন্দরটি সত্যিই খুব সুন্দর! সত্যি বলতে, ইউরোপের অধিকাংশ বিমানবন্দরের তুলনায় এখানকার ব্যবস্থাপনা অনেক বেশি সুশৃঙ্খল।”

ভারতীয় ঐতিহ্যের নয়টি মুদ্রা

দিল্লি বিমানবন্দরের এই শিল্পস্থাপনাটি প্রায় ২৪০ মিটার দীর্ঘ। এতে ফাইবারগ্লাস ও স্পান কপার দিয়ে তৈরি নয়টি বিশাল হাতের ভাস্কর্য রয়েছে। প্রতিটি ভাস্কর্যের উচ্চতা প্রায় ২ দশমিক ৭৫ মিটার এবং ওজন প্রায় ১৫০ কেজি।

দেওয়াল থেকে প্রায় তিন মিটার উচ্চতায় স্থাপন করা হয়েছে ভাস্কর্যগুলো। এর পেছনে রয়েছে তামার প্রলেপ দেওয়া অ্যালুমিনিয়ামের ৬৭৫টি চাকতি, যা পুরো শিল্পকর্মকে দিয়েছে স্বতন্ত্র নান্দনিকতা।

স্থাপনাটিতে অভয়, বরদ, আকাশ, ময়ূর, চতুর, ত্রিপতাক, প্রাণ, ত্রিশূল ও প্রাণায়াম, এই নয়টি মুদ্রা তুলে ধরা হয়েছে। ভারতীয় শাস্ত্রীয় নৃত্য, যোগচর্চা ও ঐতিহ্যবাহী শিল্পকলায় হাতের এসব ভঙ্গির বিশেষ তাৎপর্য রয়েছে।

বিমানবন্দরেই সংস্কৃতির পরিচয়

ইনস্টাগ্রাম ভিডিওটির মন্তব্যে অনেকে মুদ্রাগুলোর সাংস্কৃতিক তাৎপর্য ব্যাখ্যা করেছেন। তাঁদের মতে, এসব হাতের ভঙ্গি ভারতীয় শাস্ত্রীয় নৃত্য ও আধ্যাত্মিক চর্চার গুরুত্বপূর্ণ অংশ। কোনো কোনো মুদ্রা শান্তি, সমৃদ্ধি ও সৌহার্দ্যের প্রতীক হিসেবেও বিবেচিত হয়।

বিদেশি পর্যটকদের কাছে ভারতীয় সংস্কৃতির পরিচয় তুলে ধরার পাশাপাশি শান্তি ও সৌহার্দ্যের বার্তা দেওয়াও এই শিল্পস্থাপনার অন্যতম উদ্দেশ্য।