বিমানভাড়া, হোটেল বুকিং, ক্রুজ ভ্রমণ কিংবা বিদেশ ভ্রমণের ভিসা প্রক্রিয়াকরণে ছাড় পেতে পারেন ভ্রমণপ্রেমীরা। রাজধানীর আগারগাঁওয়ে শুরু হওয়া বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬-এ বিভিন্ন বিমান সংস্থা, হোটেল, ট্যুর অপারেটর ও ভ্রমণসেবাদাতা প্রতিষ্ঠান নিয়ে এসেছে নানা আকর্ষণীয় অফার। কোনো কোনো প্রতিষ্ঠানের সেবায় মিলছে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে তিন দিনব্যাপী এ পর্যটন মেলা। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে আয়োজনটি। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন।

বিমানের টিকিটে সর্বোচ্চ ১৫ শতাংশ ছাড়

মেলায় ইউএস-বাংলা এয়ারলাইনস ১৯টি গন্তব্যের টিকিটে ছাড় দিচ্ছে। প্রতিষ্ঠানটির বিক্রয় নির্বাহী সামসি তাজরিফ জানান, আন্তর্জাতিক রুটে ১২ শতাংশ এবং অভ্যন্তরীণ রুটে ১৫ শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে। মোট গন্তব্যের মধ্যে ১৪টি আন্তর্জাতিক ও পাঁচটি অভ্যন্তরীণ।

কক্সবাজার, ব্যাংকক ও কুয়ালালামপুরের টিকিটের চাহিদা বেশি বলে জানান তিনি।

অন্যদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৭টি গন্তব্যের টিকিটে ১৫ শতাংশ ছাড় দিচ্ছে। প্রতিষ্ঠানটির বাণিজ্যিক কর্মকর্তা মো. মহসিন এ তথ্য জানান।

সুন্দরবন ক্রুজ ও হোটেল বুকিংয়ে বিশেষ সুবিধা

সুন্দরবন ভ্রমণের জন্য ক্রুজ প্যাকেজেও থাকছে ছাড়। ওয়েভ নামের একটি প্রতিষ্ঠান মেলা উপলক্ষে সুন্দরবনগামী ক্রুজ ভ্রমণে ১৫ শতাংশ ছাড় দিচ্ছে। প্রতিষ্ঠানটির নির্বাহী রুমন মিয়া জানান, খুলনার জেলখানা ঘাট থেকে দুই রাত ও তিন দিনের এ ভ্রমণ প্যাকেজের মূল্য প্রায় ৩০ হাজার টাকা।

সি পার্ল হোটেল বুকিংয়ের পাশাপাশি ক্রুজ ভ্রমণেও বিশেষ সুবিধা দিচ্ছে। প্রতিষ্ঠানটির নির্বাহী মাকসুদুর রহমান জানান, ক্রুজ ভ্রমণে সর্বোচ্চ ২৫ শতাংশ ছাড় রয়েছে। এ ছাড়া সুন্দরবন ভ্রমণের জন্য ১২ হাজার থেকে ১৯ হাজার টাকার বিভিন্ন প্যাকেজ পাওয়া যাচ্ছে।

ভিসা প্রক্রিয়াকরণে ৫০ শতাংশ ছাড়

ভ্রমণসেবা প্রতিষ্ঠান ট্রিপ সাইলো মেলায় ভিসা প্রক্রিয়াকরণ খরচে ৫০ শতাংশ ছাড় দিচ্ছে। প্রতিষ্ঠানটির প্রতিনিধি নিলুফা নিপা জানান, বিভিন্ন দেশের ভ্রমণ প্যাকেজ নিয়েও তাঁরা অংশ নিয়েছেন।

তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, সড়কপথে ভুটান ভ্রমণে আগ্রহ বাড়ছে। বিমানযাত্রার তুলনায় বাসে যাতায়াতের খরচ প্রায় এক-তৃতীয়াংশ কম হতে পারে। ছয় রাত ও পাঁচ দিনের ভুটান ভ্রমণ প্যাকেজের মূল্য ২৮ হাজার ৫০০ টাকা। এতে সকালের ও রাতের খাবার অন্তর্ভুক্ত।

বিদেশে চিকিৎসাসেবা সম্পর্কেও তথ্য

মেলায় অবকাশযাপনের পাশাপাশি বিদেশে চিকিৎসার সুযোগ সম্পর্কেও তথ্য দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। চীনের মডার্ন ক্যানসার হাসপাতাল গুয়াংজুর প্রতিনিধি মো. আকাশের দাবি, প্রতি মাসে বাংলাদেশ থেকে ৩০ থেকে ৪০ জন রোগী ওই হাসপাতালে চিকিৎসা নিতে যান।

তিনি জানান, রোগের ধরন ও চিকিৎসাপদ্ধতি অনুযায়ী খরচ নির্ধারিত হয়। কোনো কোনো ক্ষেত্রে মাসে প্রায় ১৫ লাখ টাকা পর্যন্ত ব্যয় হতে পারে। যাওয়া-আসার বিমানভাড়া ৭০ হাজার থেকে ৯০ হাজার টাকা হতে পারে বলেও জানান তিনি।

২০ দেশের অংশগ্রহণে পর্যটন মেলা

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) আয়োজনে এবারের মেলার প্রতিপাদ্য ‘এআইনির্ভর পর্যটন, টেকসই গন্তব্য’। আয়োজকদের তথ্য অনুযায়ী, ২০টি দেশের পর্যটন প্রতিনিধি ও সংস্থা এতে অংশ নিচ্ছে। মেলায় রয়েছে ২০০টির বেশি বুথ ও স্টল।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নূরুন্নাহার চৌধুরী মেলার উদ্বোধন করেন।