বিদেশি পর্যটকদের কাছ থেকে কার্ডের মাধ্যমে পণ্য ও সেবার মূল্য পরিশোধ বাবদ পাওয়া বৈদেশিক মুদ্রার সর্বোচ্চ ১৫ শতাংশ নিজেদের বৈদেশিক মুদ্রার হিসাবে সংরক্ষণ করতে পারবেন বাংলাদেশের পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা। নতুন এ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ ও বিপণিবিতানসহ বিদেশি পর্যটকদের সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলোর বৈধ বৈদেশিক মুদ্রার চাহিদা মেটানো সহজ হবে।

গত ২৫ অক্টোবর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপন অনুযায়ী, অনুমোদিত ডিলার ব্যাংকগুলো সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানের কার্ড লেনদেন থেকে অর্জিত বৈদেশিক মুদ্রার সর্বোচ্চ ১৫ শতাংশ তাদের বৈদেশিক মুদ্রার হিসাবে রাখার সুযোগ দিতে পারবে। বাকি ৮৫ শতাংশ অর্থ টাকায় নগদায়ন করতে হবে।

এ সুবিধার আওতায় হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, শপিং মল, খুচরা বিক্রয়কেন্দ্রসহ বিদেশি পর্যটকদের পণ্য ও সেবা সরবরাহকারী অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানও থাকবে। তবে কোনো প্রতিষ্ঠানই কার্ড লেনদেন থেকে অর্জিত বৈদেশিক মুদ্রার ১৫ শতাংশের বেশি সংরক্ষণ করতে পারবে না।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, বিদেশি পর্যটকদের চাহিদা রয়েছে এমন পণ্য ও সেবা বিক্রি করতে ব্যবসায়ীদের বিভিন্ন বৈদেশিক ব্যয় মেটানোর প্রয়োজন হয়। সংরক্ষিত ডলার এ ধরনের বৈধ ব্যয়ে ব্যবহার করা যাবে। এতে বিদেশি পর্যটকদের কাছে পণ্য ও সেবা বিক্রিতে ব্যবসায়ীরা আরও উৎসাহিত হতে পারেন।

বাংলাদেশে পর্যটন খাতের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য এ সুবিধা বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় বাড়তি নমনীয়তা তৈরি করবে। পাশাপাশি কার্ডের মাধ্যমে আন্তর্জাতিক লেনদেন সহজ হলে বিদেশি পর্যটকদের কেনাকাটা ও সেবা গ্রহণের ক্ষেত্রেও সুবিধা বাড়তে পারে।