রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে সাময়িকভাবে পর্যটন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে সেখানে অবস্থানরত পর্যটকদের ২২ অক্টোবর বিকেল ৪টার মধ্যে এলাকা ছেড়ে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ রাখার ঘোষণা দিয়ে জরুরি গণবিজ্ঞপ্তি জারি করেন রাঙামাটির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী।
গণবিজ্ঞপ্তিতে অনিবার্য কারণবশত এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছে। এতে সাজেকে অবস্থানরত পর্যটকদের বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টার মধ্যে পর্যটন এলাকা ত্যাগ করে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যেতে বলা হয়েছে।
নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার সংশ্লিষ্ট সামরিক ও বেসামরিক প্রশাসন, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র্যাব এবং সাজেকের উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে গণবিজ্ঞপ্তির অনুলিপি পাঠানো হয়েছে।
তবে পর্যটনকেন্দ্র বন্ধের সুনির্দিষ্ট কারণ গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাজেকে পর্যটন কার্যক্রম বন্ধ থাকবে।