কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভ্রমণ পরিকল্পনায় নতুন সম্ভাবনা তৈরি করলেও, ছুটির সম্পূর্ণ ভ্রমণসূচি তৈরির দায়িত্ব প্রযুক্তিটির হাতে দিতে এখনো স্বচ্ছন্দ নন অধিকাংশ পর্যটক। নতুন এক জরিপে দেখা গেছে, মাত্র ৪৪ শতাংশ পর্যটক এআইকে তাদের ভ্রমণসূচি পরিকল্পনা করতে দিতে আগ্রহী।
হোটেল ব্যবস্থাপনা সফটওয়্যার প্রতিষ্ঠান ‘মিউস’ পরিচালিত এ জরিপে ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন, সুইডেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের ৩ হাজার ২৫০ জন পর্যটক অংশগ্রহণ করেন।
জরিপ অনুযায়ী, পর্যটকদের মধ্যে এআইয়ের সবচেয়ে জনপ্রিয় ব্যবহার হোটেলের ভাড়া পর্যবেক্ষণ। এ কাজে ৬৩ শতাংশ পর্যটক এআই ব্যবহার করেন। তাৎক্ষণিক অনুবাদের ক্ষেত্রে এই হার ৫৬ শতাংশ।
ব্যক্তিগত পছন্দ অনুযায়ী সেবা দেওয়ার ক্ষেত্রে পর্যটকরা এআইয়ের কাছে তথ্য ব্যবহারের বিষয়েও সতর্ক। 

অনলাইন কার্যক্রম থেকে সংগৃহীত তথ্য ব্যবহারে ৪৩ শতাংশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য ব্যবহারে মাত্র ৩৪ শতাংশ পর্যটক সম্মতি দিয়েছেন। তবে নিজেরা সরাসরি জানানো পছন্দের ভিত্তিতে সেবা দেওয়ায় ৬১ শতাংশ এবং আগের হোটেল অবস্থানের ইতিহাস ব্যবহারে ৫৬ শতাংশ পর্যটকের সম্মতি রয়েছে।
দেশভেদেও এআই নিয়ে মনোভাবের পার্থক্য দেখা গেছে। আগামী পাঁচ বছরে ভ্রমণ খাতে এআইয়ের ভূমিকা নিয়ে ইতালির ৫১ শতাংশ পর্যটক আশাবাদী। অন্যদিকে, স্পেনে এআইয়ের প্রতি ইতিবাচক মনোভাব সবচেয়ে বেশি— ৫৮ শতাংশ।

মিউসের প্রযুক্তিবিষয়ক প্রধান জোসেফ স্টারিখফয়তুর মতে, প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে পর্যটকরা নিজেরা কতটা যুক্ত থাকতে চান, তা বোঝা জরুরি। এআই দিয়ে নিয়মিত কাজ সহজ করা গেলে হোটেলকর্মীরা অতিথিদের সেবায় আরও বেশি সময় দিতে পারবেন।