জীবনে এমন কিছু ভ্রমণের স্বপ্ন থাকে, যা পূরণ করার জন্য মানুষ বছরের পর বছর অপেক্ষা করেন। সময় ও অর্থের সামর্থ্য হলে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সুযোগ রয়েছে বিশ্বের নানা প্রান্তে। জাপানের প্রাচীন মন্দির, কানাডার রকি পর্বতমালার বুক চিরে ছুটে চলা বিলাসবহুল ট্রেন কিংবা শ্রীলঙ্কার সবুজ জঙ্গল—সংস্কৃতি, প্রকৃতি ও রোমাঞ্চে ভরপুর এমন ছয়টি ভ্রমণের আয়োজন করেছে বিভিন্ন পর্যটন প্রতিষ্ঠান।
ভ্রমণগুলোর আরেকটি বৈশিষ্ট্য হলো, এগুলো যুক্তরাজ্যের ভোক্তা সংগঠন ‘হুইচ’ এর সুপারিশপ্রাপ্ত পর্যটন প্রতিষ্ঠানের মাধ্যমে আয়োজন করা হয়।
১. ট্রেনে দক্ষিণ আফ্রিকা থেকে ভিক্টোরিয়া জলপ্রপাত
আফ্রিকার বুনো প্রকৃতির মধ্য দিয়ে বিলাসবহুল ট্রেনে ভ্রমণের সুযোগ রয়েছে ১৫ দিনের এই আয়োজনে। দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া থেকে ঐতিহ্যবাহী রোভোস রেলে যাত্রা শুরু করে জিম্বাবুয়ের ভিক্টোরিয়া জলপ্রপাত পর্যন্ত পৌঁছানো যাবে।
পথে রয়েছে ক্রুগার ন্যাশনাল পার্কে সাফারি করে সিংহ, হাতি, চিতাবাঘ, মহিষ ও গন্ডারসহ আফ্রিকার বিগ ফাইভ দেখার সুযোগ। এ ছাড়া এসওয়াতিনির মনোরম উপত্যকাও ভ্রমণসূচিতে রয়েছে। যাত্রাপথের বেশির ভাগ সময় থাকতে হবে কাঠের প্যানেলযুক্ত বিলাসবহুল রেলকোচে। ২০২৭ সালের মার্চ, এপ্রিল ও সেপ্টেম্বরে যাত্রার জন্য জনপ্রতি ভাড়া শুরু ৯,২৬৫ পাউন্ড থেকে; বিমানভাড়া অন্তর্ভুক্ত নয়।
২. অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল ও গ্রেট ব্যারিয়ার রিফ
২৪ দিনের এই ভ্রমণে অস্ট্রেলিয়ার প্রকৃতি ও স্থানীয় জীবনযাত্রা কাছ থেকে দেখার সুযোগ রয়েছে। নিউ সাউথ ওয়েলসের ব্লু মাউন্টেনসে হাঁটা, অ্যাডিলেডে ই-বাইকে করে ওয়াইনারি ঘুরে দেখা এবং বায়রন বে উপকূলে কায়াকিং করে ডলফিন দেখার অভিজ্ঞতা মিলবে।
এ ছাড়া লেডি এলিয়ট দ্বীপের একটি পরিবেশবান্ধব রিসোর্টে তিন রাত কাটানোর সুযোগ রয়েছে। গ্রেট ব্যারিয়ার রিফের এই অঞ্চলে সামুদ্রিক কচ্ছপ ও মান্তা রেসহ এক হাজার ২০০টির বেশি সামুদ্রিক প্রজাতির দেখা মিলতে পারে। জনপ্রতি খরচ শুরু ১২,৭৩৫ পাউন্ড থেকে; বিমানভাড়া, স্থানান্তর, গাড়ি ভাড়া ও বিভিন্ন ভ্রমণ কার্যক্রম অন্তর্ভুক্ত।
৩. কানাডার রকি মাউন্টেনিয়ার ট্রেনযাত্রা
ক্যালগারি থেকে শুরু হওয়া এই ভ্রমণে ব্যানফ ন্যাশনাল পার্কের বরফঢাকা পাহাড়, বন ও লেক উপভোগ করা যাবে। লেক লুইসের মনোমুগ্ধকর পরিবেশে দুই রাত কাটানোর পর রকি মাউন্টেনিয়ার ট্রেনে দুই দিনের যাত্রায় পৌঁছানো যাবে প্রশান্ত মহাসাগরীয় উপকূলের ভ্যাঙ্কুভারে। পথে খাড়া গিরিখাত, দ্রুতগতির নদী ও সুউচ্চ পর্বতশৃঙ্গ দেখা যাবে।
৪. শ্রীলঙ্কার জঙ্গল ও মালদ্বীপের সমুদ্রসৈকত
১৪ রাতের এই ভ্রমণে শ্রীলঙ্কার সিগিরিয়া রক, দাম্বুল্লার প্রাচীন গুহামন্দির, চা-বাগান ও বন্য প্রাণীর আবাসস্থল ঘুরে দেখার সুযোগ রয়েছে। হাতি, চিতাবাঘ ও স্লথের দেখা পাওয়ার সম্ভাবনাও রয়েছে। এরপর মালদ্বীপে গিয়ে ফিরোজা রঙের সমুদ্র ও সাদা বালুর সৈকতে বিশ্রাম নেওয়া যাবে। জনপ্রতি খরচ শুরু ২,৩৯৯ পাউন্ড থেকে; বিমানভাড়া ও স্থানান্তর অন্তর্ভুক্ত।
৫. জাপানের মন্দির, উষ্ণ প্রস্রবণ ও আল্পস
১৬ রাতের এই ভ্রমণে টোকিওর আধুনিক নগরজীবনের পাশাপাশি কামাকুরার বিশাল বুদ্ধমূর্তি, জাপানি আল্পসের পাহাড়ি পথ এবং ঐতিহ্যবাহী রিওকানে থাকার অভিজ্ঞতা মিলবে। প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণে বরফের বানরের স্নান দেখা, হিরোশিমা, মিয়াজিমা দ্বীপ, কিয়োটো ও নারা ভ্রমণও রয়েছে।
৬. আল্পসে বার্নিনা এক্সপ্রেস
পাঁচ রাতের এই ভ্রমণ শুরু হবে ইতালির মিলান থেকে। সেখানে পিৎজা ও জেলাতো তৈরির ক্লাসে অংশ নেওয়ার পর ইউনেসকো-স্বীকৃত বার্নিনা এক্সপ্রেসে চড়ে সুইস আল্পসের পথে যাত্রা করা যাবে। প্রায় চার ঘণ্টার যাত্রায় দেখা মিলবে ঝলমলে লেক, ফুলে ঢাকা উপত্যকা ও বরফাবৃত পর্বতশৃঙ্গের। ল্যান্ডওয়াসার ভায়াডাক্ট ও সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ২৫৩ মিটার উঁচু বার্নিনা পাস এই যাত্রার বিশেষ আকর্ষণ। পরে কুর ও জুরিখ ঘুরে ভ্রমণ শেষ হবে।