পাহাড়, নদী আর সবুজ প্রকৃতির সান্নিধ্যে ভ্রমণের অভিজ্ঞতাকে আরও বৈচিত্র্যময় করে তুলতে চায় বান্দরবানের লামায় অবস্থিত শৈলজল রিসোর্ট। 
মাতামুহুরি নদীর পাড়ে ১১ একর জমির বিশাল পরিসরে গড়ে ওঠা এই পর্যটনকেন্দ্রটি আধুনিক সুযোগ-সুবিধার সঙ্গে প্রকৃতির সৌন্দর্যের মেলবন্ধন ঘটানোর চেষ্টা করছে। 
রিসোর্টটির নতুন উদ্যোগের মধ্যে রয়েছে ক্যারাভ্যান সেবা, যার মাধ্যমে পর্যটকেরা প্রচলিত ভ্রমণ অভিজ্ঞতার বাইরে গিয়ে নতুনভাবে ঘুরে দেখার সুযোগ পাবেন।

পাহাড়ের বুক চিরে বয়ে যাওয়া মাতামুহুরী নদীর কোল ঘেঁষে রিসোর্টটির অবস্থান। চারপাশের প্রাকৃতিক পরিবেশ পর্যটকদের জন্য তৈরি করে এক ভিন্ন আবহ। এখানে থাকার পাশাপাশি প্রকৃতির কাছাকাছি সময় কাটানো এবং নিরিবিলি পরিবেশে অবকাশ যাপনের সুযোগ রয়েছে।
শৈলজল রিসোর্টের অন্যতম বৈশিষ্ট্য পরিচ্ছন্ন ও ব্যতিক্রমী সব খাবারের আয়োজন। অভিজ্ঞ ও আন্তরিক সেবাদাতাদের মাধ্যমে অতিথিদের সেবা দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রকৃতিনির্ভর পরিবেশের সঙ্গে আধুনিক আতিথেয়তার সমন্বয়ই রিসোর্টটির অন্যতম আকর্ষণ।

ক্যারাভ্যানে ঘুরে দেখার সুযোগ
পর্যটকদের ভ্রমণকে আরও স্বাচ্ছন্দ্যময় ও ব্যতিক্রমী করতে ক্যারাভ্যান সেবা চালুর উদ্যোগ নিয়েছে রিসোর্টটি। নির্ধারিত ভাড়ায় কক্সবাজার থেকে ইনানী বিচ পর্যন্ত ক্যারাভ্যান ভ্রমণের খরচ ৮ হাজার টাকা। অন্যদিকে, কক্সবাজার থেকে টেকনাফ ও শাহপরীর দ্বীপ ঘুরে দেখতে ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা। ক্যারাভ্যানে রাত যাপন করলে খরচ পড়বে বাড়তি ২ হাজার টাকা।
পর্যটকদের জন্য রয়েছে বিশেষ মূল্যছাড়ের সুযোগও। অক্টোবর মাসজুড়ে ক্যারাভ্যান সেবায় ৩০ শতাংশ ছাড় দেওয়ার কথা জানিয়েছেন রিসোর্টটির অংশীদার ইলিয়াস হোসেন।

থাকার ব্যবস্থা ও খাবারের খরচ
শৈলজল রিসোর্টে বর্তমানে রয়েছে তিনটি কটেজ। প্রতিটি কটেজে ছয় থেকে আটজন পর্যন্ত অতিথি থাকতে পারবেন। কটেজের নিয়মিত ভাড়া ৫ হাজার টাকা। তিন বেলার খাবারের জন্য জনপ্রতি খরচ নির্ধারণ করা হয়েছে ৭৫০, ৮৫০ ও ১ হাজার টাকা—খাবারের প্যাকেজ অনুযায়ী।

এ ছাড়া অক্টোবরের মাঝামাঝি সময়ে নতুন তিনটি পড হাউস চালুর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে দুটি হবে কাপলদের জন্য এবং অন্যটি তৈরি করা হচ্ছে ১২ থেকে ১৫ জনের দলগত অবস্থানের উপযোগী করে।

 

সব মিলিয়ে, প্রকৃতির সান্নিধ্যে থাকা, দলবদ্ধ ভ্রমণ কিংবা ক্যারাভ্যানে নতুন অভিজ্ঞতা অর্জন—বিভিন্ন ধরনের পর্যটকের চাহিদা বিবেচনায় সেবা বাড়ানোর চেষ্টা করছে শৈলজল রিসোর্ট।