দীর্ঘ সময়ের বিমানযাত্রায় কনট্যাক্ট লেন্স পরে থাকার অভ্যাস কিছু যাত্রীর জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। সম্প্রতি এক ভ্রমণকারীর অভিজ্ঞতা চোখের স্বাস্থ্যের বিষয়ে নতুন করে সতর্ক করেছে।
বিশেষজ্ঞদের মতে, বিমানের কেবিনের বাতাসে আর্দ্রতা কম থাকে। এর সঙ্গে দীর্ঘ সময় কনট্যাক্ট লেন্স পরে থাকলে লেন্সের আর্দ্রতা কমে যেতে পারে এবং চোখে অস্বস্তি বাড়তে পারে। কোনো কোনো ক্ষেত্রে চোখের উপরিভাগে জ্বালা বা ক্ষত তৈরি হয়ে গুরুতর সমস্যার সৃষ্টি হতে পারে।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক নারী বিদেশ ভ্রমণ শেষে বাড়ি ফেরার পর সাময়িকভাবে একটি চোখের দৃষ্টিশক্তি হারানোর অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তাঁর দাবি, গ্রিস থেকে ফেরার সময় টানা ১১ ঘণ্টার ফ্লাইটসহ প্রায় ২৪ ঘণ্টার যাত্রাপথে তিনি কনট্যাক্ট লেন্স পরে ছিলেন। এমনকি সাঁতার কাটার সময় ও গোসলের সময়ও লেন্স খুলে রাখেননি।
বাড়ি ফেরার কয়েক দিনের মধ্যে তাঁর চোখে ব্যথা শুরু হয় এবং আলোতে সংবেদনশীলতা বেড়ে যায়। পরে দৃষ্টিশক্তিও উল্লেখযোগ্যভাবে খারাপ হয়ে পড়ে। চিকিৎসকেরা পরীক্ষা করে তাঁর কর্নিয়ায় আলসার শনাক্ত করেন। কয়েক সপ্তাহ ধরে চোখের ড্রপ দিয়ে চিকিৎসা নিতে হয় তাঁকে। এরপরও চোখে ছোট একটি দাগ রয়ে গেছে, যার কারণে দৃষ্টির একটি অংশ এখনো ঝাপসা দেখেন তিনি।
ইলিনয় অঙ্গরাজ্যভিত্তিক চক্ষু বিশেষজ্ঞ ভ্যালেরি ক্যাটুফ ফক্স নিউজ ডিজিটালকে বলেন, দীর্ঘ ফ্লাইটে কনট্যাক্ট লেন্স পরলে চোখের শুষ্কতা বাড়তে পারে। এতে জ্বালাপোড়া, চোখে বালুকণার মতো কিছু থাকার অনুভূতি এবং মাঝেমধ্যে ঝাপসা দেখার সমস্যা দেখা দিতে পারে।
তাঁর ব্যাখ্যা, বিমানের কেবিনে বাতাসের আর্দ্রতা অনেক কম থাকায় কনট্যাক্ট লেন্সের আর্দ্রতা কমে যায়। দীর্ঘ বা রাতের ফ্লাইটে ঘুমিয়ে পড়লেও ঝুঁকি বাড়তে পারে।
লেন্স অতিরিক্ত শুষ্ক হয়ে গেলে চোখের ওপর তার স্বাভাবিক চলাচল কমে যেতে পারে। এমন অবস্থায় লেন্স খুলতে গিয়ে কর্নিয়ার বাইরের স্তর বা এপিথেলিয়াম ক্ষতিগ্রস্ত হতে পারে। এর ফলে তীব্র অস্বস্তি তৈরি হতে পারে এবং দৃষ্টিশক্তিও প্রভাবিত হতে পারে।
দীর্ঘ ফ্লাইটে কী করবেন?
চক্ষু বিশেষজ্ঞ ক্যাটুফের পরামর্শ, দীর্ঘ বিমানযাত্রায় সম্ভব হলে কনট্যাক্ট লেন্সের পরিবর্তে নিজের চোখের পাওয়ার অনুযায়ী তৈরি চশমা ব্যবহার করুন। এতে চোখের শুষ্কতা ও অস্বস্তি কমানোর সুযোগ থাকে।
যাত্রার শুরুতে লেন্স পরলেও ফ্লাইটের মাঝপথে কিংবা ঘুমানোর আগে চশমা ব্যবহার করা যেতে পারে। আর যাঁরা লেন্স পরেই থাকবেন, তাঁদের জন্য একবার ব্যবহারযোগ্য প্যাকেটে থাকা কৃত্রিম অশ্রু বা লুব্রিকেটিং আই ড্রপ উপকারী হতে পারে। তবে কনট্যাক্ট লেন্সের সঙ্গে ব্যবহারের উপযোগী পণ্য বেছে নেওয়া জরুরি।
অনলাইনেও অনেক ভ্রমণকারী দীর্ঘ ফ্লাইটে চশমা পরার পক্ষে মত দিয়েছেন। তাঁদের মতে, এতে অবতরণের পর চোখ তুলনামূলক আরামদায়ক থাকে এবং বিমানে ঘুমানোর সময় লেন্স খুলতে হয় না।
দীর্ঘ বিমানযাত্রায় তাই আরামের পাশাপাশি চোখের সুরক্ষাকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন। বিশেষ করে কনট্যাক্ট লেন্স ব্যবহারকারীদের উচিত যাত্রার আগে প্রয়োজনীয় চশমা ও উপযুক্ত চোখের যত্নের সামগ্রী সঙ্গে রাখা।