স্পেনে পর্যটকদের জন্য ভাড়া দেওয়া অ্যাপার্টমেন্ট ও ভিলার ওপর আগামী ১ ডিসেম্বর থেকে ১০ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপ করা হচ্ছে। গত ৮ অক্টোবর জারি করা নতুন আবাসনবিষয়ক ডিক্রিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এত দিন এসব পর্যটন আবাসন ভ্যাটের আওতামুক্ত ছিল। ফলে স্পেনে ছুটি কাটাতে ভাড়াবাসায় থাকা পর্যটকদের খরচ বাড়তে পারে।
নতুন আইনে আবাসনসংকটে থাকা নির্দিষ্ট এলাকাগুলোর স্থানীয় কর্তৃপক্ষকে পর্যটকদের আবাসন হিসেবে ব্যবহৃত বাড়ির সম্পত্তি কর বাড়ানোর ক্ষমতাও দেওয়া হয়েছে। খবর: ট্রাভেল গোসিপ।
স্পেনে সম্পত্তি কর ‘আইবিআই’ নামে পরিচিত। নতুন বিধান অনুযায়ী, পর্যটকদের ভাড়া দেওয়া বাড়ির ক্ষেত্রে বার্ষিক এই কর সর্বোচ্চ ৫০ শতাংশ বাড়ানো যেতে পারে। কোনো মালিকের এ ধরনের দুটি বা তার বেশি বাড়ি থাকলে কর বৃদ্ধির হার ১০০ শতাংশ পর্যন্ত হতে পারে। আর চারটি বা তার বেশি বাড়ি থাকলে তা সর্বোচ্চ ১৫০ শতাংশে পৌঁছাতে পারে।
দেশটিতে আবাসনের ক্রমবর্ধমান ব্যয় ও বাসস্থানের সংকট নিয়ে উদ্বেগ বাড়ছে। এ সপ্তাহেই মাদ্রিদ ও বার্সেলোনাসহ স্পেনের বিভিন্ন বড় শহরে আবাসনসংকটের প্রতিবাদে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন।
স্পেন সরকারের তথ্য অনুযায়ী, দেশটির ভাড়াবাসনের বাজারের প্রায় ১০ শতাংশজুড়ে রয়েছে পর্যটকদের থাকার জন্য ব্যবহৃত আবাসন।
নতুন করব্যবস্থার ফলে পর্যটকদের থাকার খরচের পাশাপাশি বাড়ির মালিকদের ব্যয়ও বাড়তে পারে। তবে করের প্রভাব কতটা ভাড়ার ওপর পড়বে, তা নির্ভর করবে সংশ্লিষ্ট মালিক ও আবাসন পরিচালনাকারীদের সিদ্ধান্তের ওপর।