নিউজিল্যান্ডের স্টুয়ার্ট আইল্যান্ড বা রাকিউরা বিশ্বের সবচেয়ে শান্ত দ্বীপ হিসেবে শীর্ষস্থান দখল করেছে। নতুন ‘আনস্পয়েল্ট ইনডেক্সে' ১০০টি দ্বীপের ওপর পরিচালিত মূল্যায়নে ৯৪.৬ পয়েন্ট পেয়ে তালিকার প্রথম হয়েছে দ্বীপটি।

দ্বীপটি নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এখানে স্থায়ী বাসিন্দার সংখ্যা প্রায় ৫০০। তবে মানুষের তুলনায় দ্বীপটির আরেক বাসিন্দার সংখ্যা অনেক বেশি। এখানে আনুমানিক ২০ হাজার কিউই পাখি রয়েছে।

স্টুয়ার্ট আইল্যান্ডের শান্ত পরিবেশের অন্যতম কারণ এর কম জনসংখ্যা, সীমিত উন্নয়ন এবং প্রাকৃতিক পরিবেশ। দ্বীপটিতে রয়েছে বিস্তৃত বনাঞ্চল, উপকূলীয় এলাকা এবং তুলনামূলকভাবে কম যানবাহন ও অবকাঠামো। ফলে ব্যস্ত শহুরে জীবনের শব্দ ও আলো থেকে অনেকটাই মুক্ত থাকা যায় এখানে।

বিশ্বের সবচেয়ে দক্ষিণের ‘ইন্টারন্যাশনাল ডার্ক স্কাই স্যাংচুয়ারি’ও এই দ্বীপে অবস্থিত। কৃত্রিম আলোর দূষণ কম থাকায় রাতের আকাশে অসংখ্য তারা দেখার সুযোগ রয়েছে। প্রকৃতিপ্রেমী ও জ্যোতির্বিজ্ঞানপ্রেমীদের কাছে এটি দ্বীপটির অন্যতম বড় আকর্ষণ।

রাকিউরার আরেকটি উল্লেখযোগ্য আকর্ষণ তিন দিনের রাকিউরা ট্র্যাক। এটি নিউজিল্যান্ডের বিখ্যাত ‘গ্রেট ওয়াকস’-এর একটি। হাঁটার এই পথে ঘন বন, পাহাড়ি এলাকা ও উপকূলীয় প্রকৃতির বৈচিত্র্য উপভোগ করা যায়।

‘আনস্পয়েল্ট ইনডেক্স’ তৈরির সময় দ্বীপগুলোর প্রাকৃতিক পরিবেশ, সড়কের সংখ্যা, বিমান চলাচল, জনসমাগম, রাতের আকাশের অন্ধকার এবং প্রাকৃতিক উপকূলীয় এলাকার মতো বিষয় বিবেচনা করা হয়েছে। এসব ক্ষেত্রেই স্টুয়ার্ট আইল্যান্ডের অবস্থান শক্তিশালী।

তালিকায় ৯২.৮ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়ার লর্ড হাও আইল্যান্ড চতুর্থ হয়েছে। অর্থাৎ বিশ্বের সবচেয়ে শান্ত দ্বীপের তালিকায় শীর্ষস্থানটি পেয়েছে মানুষের তুলনায় কিউইয়ের সংখ্যা অনেক বেশি থাকা নিউজিল্যান্ডের এই নিরিবিলি দ্বীপ।