ভ্রমণের দুনিয়ায় 'অথেনটিক' বা 'অকৃত্রিম' শব্দটি এখন বহুল প্রচলিত। কিন্তু সত্যিকারের অকৃত্রিম অভিজ্ঞতা কোথায় পাওয়া যায়, তা নিয়ে পর্যটকদের মধ্যে বিতর্কের শেষ নেই। এই প্রশ্নের উত্তর খুঁজতেই ট্রাভেল ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান ইন্স্যুরঅ্যান্ডগো একটি তুলনামূলক গবেষণা পরিচালনা করেছে। আর সেই গবেষণায় উঠে এসেছে বিশ্বের সবচেয়ে 'অকৃত্রিম' দশটি শহরের তালিকা, যেখানে শীর্ষস্থান দখল করেছে কলম্বিয়ার রাজধানী বগোতা।
গবেষণায় ১৪৪টিরও বেশি জনপ্রিয় শহরের গুগল ম্যাপস রিভিউ বিশ্লেষণ করা হয়। রেস্তোরাঁ, বাজার, সাংস্কৃতিক স্থান এবং পর্যটন আকর্ষণ সংক্রান্ত রিভিউতে 'অথেনটিক', 'লোকাল' ও 'ট্র্যাডিশনাল' শব্দগুলো কতবার ব্যবহার হয়েছে তা গণনা করা হয়। পাশাপাশি 'ট্যুরিস্ট ট্র্যাপ' ও 'ওভারপ্রাইসড'-এর মতো নেতিবাচক মন্তব্যের হারও হিসেবে আনা হয়। ইতিবাচক ও নেতিবাচক রিভিউর অনুপাতের ভিত্তিতে প্রতিটি গন্তব্যকে একটি 'অথেনটিসিটি স্কোর' দেওয়া হয়।
এই বিশ্লেষণে বগোতা পায় পূর্ণ ১০০ স্কোর, যা দ্বিতীয় স্থানে থাকা পেরুর রাজধানী লিমার ৭০.৫ স্কোরকে বহুদূর পেছনে ফেলে দেয়। বগোতার প্রাণবন্ত খাদ্য সংস্কৃতি, বিখ্যাত স্ট্রিট আর্ট, এবং আদিবাসী সভ্যতার সাথে গভীর সংযোগ পর্যটকদের মুগ্ধ করে রাখে। সেরো দে মনসেরাতের ফানিকুলারে চড়ে পাহাড়চূড়া থেকে শহর দেখা, ঔপনিবেশিক আমলের লা কান্দেলারিয়া পাড়ায় হাঁটাহাঁটি, কিংবা মুইসকা সংস্কৃতির অমূল্য সোনার নিদর্শনে সমৃদ্ধ গোল্ড মিউজিয়াম পরিদর্শন — এই শহরে অভিজ্ঞতার কোনো কমতি নেই।
শহরের কাছেই রয়েছে আরও কিছু অসাধারণ গন্তব্য। মাটির গভীরে নির্মিত বিশাল স্থাপত্য সাল্ট ক্যাথেড্রাল অব জিপাকিরা কিংবা এল ডোরাডো কিংবদন্তির সাথে যুক্ত পবিত্র লেক গুয়াতাভিতা দেখতে প্রতিদিন ভিড় জমান পর্যটকরা। আগস্ট মাসে বগোতা ভ্রমণ বিশেষ আনন্দদায়ক, কারণ তখন বার্ষিক 'ফেস্টিভাল দে ভেরানো' উৎসবে বিনামূল্যে কনসার্ট, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করা যায়।
দ্বিতীয় স্থানে থাকা লিমা তার অগণিত গ্যাস্ট্রোনমিক অভিজ্ঞতা, বৈচিত্র্যময় স্থাপত্য এবং চরিত্রসম্পন্ন পাড়া-মহল্লার জন্য পরিচিত। তৃতীয় স্থানে উঠে এসেছে তাইওয়ানের রাজধানী তাইপে, যেখানে এশিয়ার অন্যতম সেরা ফুড মার্কেট সংস্কৃতি, বৈচিত্র্যময় নাইটলাইফ এবং সুরক্ষিত ঐতিহ্যবাহী মন্দিরগুলো পর্যটকদের মন জুড়িয়ে দেয়।
বিশ্বের সবচেয়ে অকৃত্রিম দশটি শহরের হলো- বগোতা, কলম্বিয়া — লিমা, পেরু — তাইপে, তাইওয়ান — মাসকাট, ওমান — কুইতো, ইকুয়েডর — ভালপারাইসো, চিলি — মেদেইন, কলম্বিয়া — রিও দে জেনেইরো, ব্রাজিল — সাও পাওলো, ব্রাজিল — কায়রো, মিশর।