আমেরিকান এয়ারলাইন্সের যেসব যাত্রী বিমানের মাঝের সিটে বসতে পছন্দ করেন না, তাদের জন্য নতুন সুবিধা চালু হয়েছে।
এখন থেকে নির্দিষ্ট কিছু যাত্রী ফ্লাইটের আগে পছন্দের সিট খালি হলে স্বয়ংক্রিয়ভাবে সেখানে চলে যেতে পারবেন।
নতুন এ সুবিধা মিলবে আমেরিকান এয়ারলাইন্সের অ্যাপে। যোগ্য এঅ্যাডভান্টেজ সদস্যরা টিকিট বুকিং সম্পন্ন করার পর অ্যাপে নিজেদের পছন্দের সিটের ধরন জানাতে পারবেন। খবর: দ্য ইন্ডিপেনডেন্ট
যাত্রীরা উইন্ডো, আইল অথবা মাঝের সিট— এই তিন ধরনের সিটের মধ্যে পছন্দ নির্বাচন করতে পারবেন। এরপর তাদের পছন্দের কোনো সিট খালি হলে, সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে বুকিংয়ে সেই সিট বরাদ্দ করে দেবে।
তবে এই সুবিধার কিছু শর্ত রয়েছে। বর্তমানে এটি এমন একজন যাত্রীর বুকিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য, যেখানে আগে থেকেই একটি সিট নির্ধারিত আছে। ফ্লাইট ছাড়ার ২৪ ঘণ্টা আগ পর্যন্ত সিট পর্যবেক্ষণ বা পরিবর্তনের এই সুবিধা কার্যকর থাকবে।
আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, বাস্তব গ্রাহক চাহিদা সামনে রেখে নতুন সফটওয়্যারটি তৈরি করা হয়েছে। এর মাধ্যমে যাত্রীর সিটের পছন্দ, ফ্লাইটে খালি হওয়া সিট এবং ওই যাত্রী এই সুবিধার জন্য যোগ্য কি না—এসব তথ্য পেছন থেকে পর্যবেক্ষণ করবে সিস্টেম।
ফলে কোনো যাত্রীকে বারবার অ্যাপে ঢুকে সিট খালি হয়েছে কি না তা পরীক্ষা করতে হবে না। পছন্দের সিট খালি হলে সিস্টেমই বুকিং আপডেট করবে।
আমেরিকান এয়ারলাইন্স-এর প্রধান গ্রাহক কর্মকর্তা হিদার গারবডেন বলেন, ভ্রমণকে আরও সহজ ও ব্যক্তিগতকৃত করার উপায় খুঁজছে এয়ারলাইনটি। তার মতে, নতুন এই প্রযুক্তি গ্রাহকের পছন্দকে আগে থেকেই বিবেচনায় নেয় এবং যাত্রীকে কম কাজ করেই নিজের পছন্দের সিট পাওয়ার সুযোগ দেয়।
আমেরিকান এয়ারলাইন্স বর্তমানে প্রতিদিন ছয় হাজারের বেশি ফ্লাইট পরিচালনা করে এবং বিশ্বের সাড়ে তিন শটিরও বেশি গন্তব্যে যাত্রী পরিবহন করে।
নতুন সুবিধাটি বিশেষ করে তাদের জন্য আকর্ষণীয় হতে পারে, যারা বুকিংয়ের সময় পছন্দের সিট না পেলেও ফ্লাইটের আগে কোনো সিট খালি হওয়ার অপেক্ষায় থাকেন। এখন সেই অপেক্ষার কাজটি অনেকটাই স্বয়ংক্রিয়ভাবে করবে এয়ারলাইনের অ্যাপ।