খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়া-আসায় নতুন ভাড়া কার্যকর হয়েছে। পিকআপ, জিপ ও সাফারি গাড়ির ভাড়া ৫০০ টাকা এবং মাহিন্দ্রা সিএনজির ভাড়া ২০০ টাকা বাড়ানো হয়েছে।
সাজেক ভ্রমণে পর্যটকদের পরিবহন খরচ আরও বেড়েছে। খাগড়াছড়ি থেকে রাঙামাটির সাজেকে যাতায়াতে পর্যটনবাহী সাফারি, জিপ ও পিকআপের ভাড়া ৫০০ টাকা করে বাড়ানো হয়েছে। একই সঙ্গে মাহিন্দ্রা সিএনজির ভাড়া বেড়েছে ২০০ টাকা। শুক্রবার ২৫ সেপ্টেম্বর সকাল থেকে নতুন ভাড়া কার্যকর হয়েছে।
খাগড়াছড়ি সাজেক কাউন্টারের দায়িত্বে থাকা মো. আরিফ জানান, শুক্রবার সকাল থেকেই সাজেকগামী সব গাড়ি নতুন নির্ধারিত ভাড়ায় যাত্রী পরিবহন করছে।
সংশ্লিষ্টরা জানান, চলতি বছরে এ নিয়ে দ্বিতীয় দফায় সাজেকগামী পর্যটনবাহী যানবাহনের ভাড়া বাড়ানো হলো। এর আগে মে মাসে জ্বালানি তেলের দাম বাড়ার পর এক দফায় গাড়িভাড়া ১ হাজার টাকা বাড়ানো হয়েছিল। এবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও পরিবহন পরিচালনার ব্যয় বাড়াকে কারণ হিসেবে দেখিয়ে ভাড়া সমন্বয় করা হয়েছে।
সাজেকের নতুন গাড়িভাড়া
নতুন তালিকা অনুযায়ী, খাগড়াছড়ি থেকে সকালে সাজেক গিয়ে বিকেলে ফিরে আসার জন্য একটি গাড়ির ভাড়া ৯ হাজার টাকা। এক রাত যাপনসহ যাওয়া-আসায় ভাড়া ১০ হাজার ৫০০ টাকা।
এক রাত যাপন ও নির্ধারিত পর্যটনকেন্দ্র ঘোরার প্যাকেজে ভাড়া ১২ হাজার ৫০০ টাকা। দুই রাত যাপনে ১৩ হাজার ৫০০ টাকা এবং দুই রাত যাপনসহ নির্ধারিত পর্যটনকেন্দ্র ঘোরার প্যাকেজে ভাড়া ১৫ হাজার টাকা।
খাগড়াছড়ি থেকে দেবতা পুকুর, আলুটিলা গুহা, রিছাং ঝর্ণা, তারেং ও ঝুলন্ত সেতু ঘুরে একই দিনে ফেরার ভাড়া ৭ হাজার ৫০০ টাকা। পানছড়ি, অরণ্য কুটির ও মায়াবিনী লেকসহ বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরে আসার ভাড়া ৬ হাজার ৫০০ টাকা।
খাগড়াছড়ি থেকে রাঙামাটি যাওয়া-আসার ভাড়া ৮ হাজার ৫০০ টাকা। এক রাত থাকলে অতিরিক্ত ২ হাজার টাকা দিতে হবে। বান্দরবান যাওয়া-আসার ভাড়া ১৩ হাজার ৫০০ টাকা, এক রাত অবস্থানে অতিরিক্ত ৩ হাজার টাকা।
১২ জন পর্যন্ত ভাগ করে নেওয়া যাবে
নির্ধারিত ভাড়া একটি গাড়ির জন্য। একটি গাড়িতে সর্বোচ্চ ১২ জন পর্যটক যাতায়াত করতে পারবেন। ফলে দলবদ্ধভাবে গেলে গাড়িভাড়া ভাগ করে নেওয়ার সুযোগ রয়েছে।
এ ছাড়া সাজেকে প্রতিজন পর্যটকের জন্য ২০ টাকা এবং প্রতিটি গাড়ির জন্য ১০০ টাকা আনুষঙ্গিক খরচ রয়েছে। রাত্রিযাপন করা গাড়ি সকালে না ফিরে বিকেলে ফিরলে নির্ধারিত ভাড়ার সঙ্গে আরও ৫০০ টাকা যোগ হবে।
খাগড়াছড়ি সড়ক পরিবহন জীপ মালিক সমিতির অর্থ সম্পাদক মো. মাসুম পারভেজ বলেন, জ্বালানি তেলের বাড়তি দামের সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়া বাড়ানো হয়েছে। সমিতিগুলোর প্রতিনিধিদের বৈঠকে পিকআপ, জিপ ও সাফারি গাড়ির ভাড়া ৫০০ টাকা এবং মাহিন্দ্রা সিএনজির ভাড়া ২০০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।