বিশ্বের বিখ্যাত পর্যটন স্থানগুলোতে এখন পর্যটকদের ঢল নেমেছে। প্যারিসের মোঁমার্ত্র থেকে মেক্সিকো সিটি, সর্বত্রই অতিরিক্ত পর্যটনের চাপে স্থানীয় জীবনযাত্রা বিপর্যস্ত। তাই ২০২৬ সালে যদি সত্যিকারের অনন্য ভ্রমণ অভিজ্ঞতা চান, তাহলে একটু অন্য পথে হাঁটুন। টাইম আউট ও আফার সাময়িকীর বিশেষজ্ঞরা এমন কিছু গন্তব্যের কথা জানিয়েছেন, যেগুলো এখনও পর্যটকদের ভিড়মুক্ত এবং যেখানে আপনার পদচিহ্ন স্থানীয় অর্থনীতিকেও সমৃদ্ধ করবে।
গাম্বিয়া একসময় প্যাকেজ ট্যুরের জনপ্রিয় গন্তব্য ছিল। কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশটির কৃষি খাত ক্ষতিগ্রস্ত হওয়ায় পর্যটন এখন তাদের অর্থনীতির মূল ভিত্তি। সমুদ্রসৈকতের বদলে নিকি নাঙ্কা ট্রেইলে পায়ে হেঁটে ও নৌকায় ম্যানগ্রোভ বনের ভেতর দিয়ে গ্রামীণ জীবন উপভোগ করুন।
মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে জর্ডানে পর্যটক সংখ্যা কমে গেছে। পেট্রার মতো ঐতিহাসিক স্থানগুলো এখন নীরব। ৬৭৫ কিলোমিটার দীর্ঘ জর্ডান ট্রেইলে হেঁটে আজলুনের পাইন বনে হারিয়ে যাওয়া এবং বেদুইন পরিবারের সঙ্গে তারার আলোয় রাত কাটানো হতে পারে অসাধারণ অভিজ্ঞতা।
মধ্য এশিয়ার ক্ষুদ্রতম দেশ তাজিকিস্তান ২০২৬ সালে আমেরিকানদের জন্য ভিসামুক্ত প্রতিবেশী উজবেকিস্তানের পাশাপাশি নতুন আকর্ষণ হয়ে উঠছে। পামির পর্বতের রুক্ষ পথ, জুনিপার বন এবং হিমবাহী হ্রদ অ্যাডভেঞ্চারপ্রিয়দের জন্য অপেক্ষা করছে।
প্যারাগুয়ে — ঔপনিবেশিকতা, স্বৈরশাসন ও আঞ্চলিক যুদ্ধের ইতিহাসে সমৃদ্ধ এই দেশটির চাকো অঞ্চল মোট ভূখণ্ডের অর্ধেক জুড়ে বিস্তৃত। পাঁচশতেরও বেশি পাখি প্রজাতি, টাপির ও পুমার আবাসভূমি এই দেশটি বন্যপ্রাণীপ্রেমীদের জন্য আদর্শ।
ইউরোপের ছোট দেশ মলদোভায় ২০২৫ সালে পর্যটন ৬.৫ শতাংশ বেড়েছে। সোভিয়েত পূর্ব, সোভিয়েত ও সোভিয়েত পরবর্তী সংস্কৃতির অনন্য মিশেল এই দেশটিকে করেছে বিশেষ আকর্ষণীয়।
ইউরোপে পর্তুগালের কম্পোর্তা অঞ্চল অ্যালগার্ভের ভিড় এড়ানোর দারুণ বিকল্প। বলকান অঞ্চলে উত্তর মেসিডোনিয়া আলবেনিয়া বা মন্টিনিগ্রোর তুলনায় এখনও অনেকটাই শান্ত। যুক্তরাজ্যে জুরাসিক কোস্ট ও স্কটল্যান্ডের অ্যাবারডিনশায়ার জনাকীর্ণ এডিনবরার বিকল্প হিসেবে উঠে আসছে।
এছাড়া ডেলটা এয়ারলাইনসের নিউ ইয়র্ক থেকে সরাসরি ফ্লাইটে মাল্টা এখন মার্কিন পর্যটকদের নতুন গন্তব্য হয়ে উঠছে। মিশেলিন রেস্তোরাঁ, প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ এবং মনোরম সমুদ্রসৈকতে ভরপুর এই দ্বীপটি সারা বছরই আকর্ষণীয়।