উপসাগরীয় অঞ্চলে পর্যটনের বিস্তার দ্রুত বাড়ছে। ২০২৫ সালে গালফ কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি) ছয় সদস্য দেশে প্রায় ৭ কোটি ৫০ লাখ পর্যটক ভ্রমণ করেছেন। আগের বছরের তুলনায় পর্যটক আগমন বেড়েছে প্রায় ৪ দশমিক ৮ শতাংশ। একই সময়ে পর্যটন খাত থেকে পর্যটকদের ব্যয় ১৩০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে।
জিসিসির মহাসচিব জাসেম আল-বুদাইবি এ তথ্য জানান দুবাইয়ে অনুষ্ঠিত এআইএম কংগ্রেস ২০২৬-এর একটি গোলটেবিল বৈঠকে। তিনি বলেন, পর্যটন এখন উপসাগরীয় দেশগুলোর অর্থনৈতিক বহুমুখীকরণ, বিনিয়োগ, কর্মসংস্থান ও প্রবৃদ্ধির অন্যতম গুরুত্বপূর্ণ খাত।
জিসিসির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে জোটভুক্ত দেশগুলোর মধ্যে ভ্রমণকারী পর্যটকের সংখ্যা ২ কোটি ছাড়িয়েছে। ২০২৪ সালের তুলনায় এ সংখ্যা বেড়েছে প্রায় ৩ দশমিক ৬ শতাংশ। আঞ্চলিক সীমান্ত পেরিয়ে ভ্রমণ সহজ করা এবং পর্যটন অবকাঠামোর উন্নয়ন এ প্রবৃদ্ধিতে ভূমিকা রাখছে।
পর্যটনের সরাসরি ও পরোক্ষ অবদানও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৫ সালে জিসিসির অর্থনীতিতে পর্যটন খাতের অবদান ২৫৪ বিলিয়ন মার্কিন ডলারের বেশি, যা আঞ্চলিক মোট দেশজ উৎপাদনের প্রায় ১১ দশমিক ৪ শতাংশ। বৈশ্বিক গড় ১০ দশমিক ৩ শতাংশের চেয়েও এ হার বেশি।
জিসিসির মহাসচিব বলেন, উপসাগরীয় দেশগুলোর লক্ষ্য শুধু নির্দিষ্ট পর্যটন প্রকল্প বা বিনোদনকেন্দ্রে বিনিয়োগ আকর্ষণ করা নয়। বরং বিমান চলাচল, অবকাঠামো, আতিথেয়তা, প্রযুক্তি ও বিনোদন খাতকে সমন্বিত করে একটি আন্তঃসংযুক্ত পর্যটন বিনিয়োগ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।