বিয়ের পরের মুহূর্তগুলো হোক জীবনের সবচেয়ে স্মরণীয় অধ্যায়। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সঠিক হানিমুন গন্তব্য বেছে নেওয়া জরুরি। কিন্তু পছন্দের মিল, বাজেট আর সময়সীমা একসঙ্গে মেলানো কঠিন হয়ে পড়ে অনেক দম্পতির জন্যই। এই জটিলতা দূর করতেই জনপ্রিয় ভ্রমণ প্ল্যাটফর্ম ট্রিপ অ্যাডভাইজার প্রকাশ করেছে '২০২৬ ট্রাভেলার্স চয়েস বেস্ট অব দ্য বেস্ট ডেস্টিনেশনস' তালিকা। গত এক বছরে বিপুলসংখ্যক ভ্রমণকারীর রিভিউ ও অভিজ্ঞতা বিশ্লেষণ করে তৈরি এই তালিকায় উঠে এসেছে সেরা পাঁচ হানিমুন গন্তব্য।

বালি, ইন্দোনেশিয়া
তালিকার শীর্ষে রয়েছে বালি। জঙ্গল আর সমুদ্রের অপূর্ব মিলনে তৈরি এই দ্বীপে রয়েছে বিলাসবহুল রিসোর্ট, কাপল স্পা, ব্যক্তিগত সুইমিংপুল এবং ফুলে ভরা বাথটাব। ফ্লোটিং ব্রেকফাস্ট থেকে শুরু করে আগ্নেয়গিরির শীর্ষে ট্রেকিং এবং সার্ফিং পর্যন্ত বালিতে প্রতিটি দিনই হয়ে ওঠে বিশেষ।

মরিশাস
আফ্রিকার উপকূল থেকে প্রায় ১ হাজার ২০০ মাইল দূরে ভারত মহাসাগরে অবস্থিত মরিশাস। শান্ত সৈকত, সবুজ বনাঞ্চল আর নীল জলরাশি মিলিয়ে এটি নবদম্পতিদের জন্য এক মনোমুগ্ধকর ঠিকানা। ক্যাটামারান নৌ ভ্রমণ আর ৬৫০-এর বেশি ট্রপিক্যাল উদ্ভিদে ভরা বোটানিক্যাল গার্ডেন মরিশাসকে করেছে অনন্য।

মালদ্বীপ
হানিমুন মানেই মালদ্বীপ, এই ধারণা আজও টিকে আছে। বিশাল ওভারওয়াটার ভিলা, সৈকতে মোমবাতির আলোয় ডিনার আর সমুদ্রের নীল জলে রঙিন মাছের সঙ্গে সাঁতার মিলিয়ে মালদ্বীপ এক অবিস্মরণীয় অভিজ্ঞতা দেয়। রাতের আকাশে তারাভরা দৃশ্য এখানে আরও বিশেষ হয়ে ওঠে।

সেন্ট লুসিয়া
ক্যারিবীয় এই দেশটি পাহাড় ও সমুদ্রের অসাধারণ দৃশ্যের জন্য পরিচিত। আগ্নেয় মাটির উষ্ণ ঝরনায় গোসল, জলপ্রপাতের নিচে সাঁতার আর পিটনস পাহাড়ের অপরূপ দৃশ্য মিলিয়ে প্রতিটি মুহূর্তই মনে রাখার মতো।

গল, শ্রীলঙ্কা
ইতিহাস ও প্রকৃতি একসঙ্গে চাইলে গল আদর্শ। ১৬ শতকের গল ফোর্টের প্রাচীন প্রাচীর, পাথরের রাস্তা আর পাশেই নিরিবিলি সৈকত মিলিয়ে এখানে হানিমুন হয় একেবারে ভিন্নধর্মী।

শীর্ষ পাঁচের বাইরেও তালিকায় রয়েছে ভিয়েতনামের হুয়ে, ক্যালিফোর্নিয়ার নাপা ভ্যালি, ইতালির পজিতানো, কেনিয়ার ওয়াটামু এবং অ্যান্টিগুয়া। ওয়াইনপ্রেমীদের কাছে নাপা ভ্যালি বিশেষ আকর্ষণের, পজিতানো রোমান্টিক ডিনার আর পাহাড়ঘেরা সমুদ্রতীরের জন্য বিখ্যাত, আর ওয়াটামুর হৃদয় আকৃতির লাভ আইল্যান্ড হয়ে উঠেছে অনেক দম্পতির স্বপ্নের গন্তব্য।