লাল-কমলা বেলেপাথরের পাহাড়ের পাশে ফিরোজা নীল জল। মরুভূমির মাঝখানে এমন বৈপরীত্যপূর্ণ প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে জলক্রীড়া ও রোমাঞ্চকর অভিযানের সুযোগ মিলেছে যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের স্যান্ড হলো স্টেট পার্কে। প্রকৃতি, সাঁতার ও অ্যাডভেঞ্চারপ্রেমীদের কাছে এটি এখন অন্যতম আকর্ষণীয় ভ্রমণগন্তব্য।
সেন্ট জর্জ শহরের কাছাকাছি স্যান্ড হলো রিজার্ভয়ারকে কেন্দ্র করে গড়ে উঠেছে পার্কটি। উষ্ণ নীল জল, লাল বেলেপাথরের পাহাড় এবং বিস্তৃত বালুকাবেলা এখানকার প্রধান আকর্ষণ।
পার্কটিতে নৌকা ভ্রমণ, জলস্কিইং, মাছ ধরা, সাঁতার ও ডাইভিংয়ের সুযোগ রয়েছে। বালিয়াড়িতে অফ-রোড যানবাহন চালানোও পর্যটকদের কাছে জনপ্রিয়।
রোমাঞ্চপ্রিয় পর্যটকদের বিশেষ আকর্ষণ পাথুরে পাহাড় থেকে পানিতে ঝাঁপ দেওয়ার অভিজ্ঞতা। তবে কর্তৃপক্ষ সতর্ক করেছে, পাথর থেকে লাফ দেওয়া বা ডাইভিং ঝুঁকিপূর্ণ এবং এ ধরনের কর্মকাণ্ডে পর্যটকদের নিজ দায়িত্বে সতর্কতা অবলম্বন করতে হবে। দর্শনার্থীদের নিরাপত্তার জন্য ভিজিটর সেন্টারে বিনা মূল্যে ব্যবহারের জন্য লাইফ জ্যাকেটও পাওয়া যায়।
শুধু রোমাঞ্চ নয়, নিরিবিলি সময় কাটানোরও সুযোগ রয়েছে এখানে। প্রায় ১ হাজার ৩০০ একরের রিজার্ভয়ারজুড়ে রয়েছে বালুকাবেলা ও ছোট ছোট উপসাগর। পরিবার নিয়ে সাঁতার, পিকনিক কিংবা ক্যাম্পিংয়ের জন্য জায়গাটি বেশ উপযোগী।
বর্তমানে ইউটাহর বাইরের দর্শনার্থীদের জন্য গাড়িপ্রতি দিনের প্রবেশ ফি ৩৫ ডলার। ইউটাহর বাসিন্দাদের জন্য এ ফি ২৫ ডলার। ক্যাম্পিংয়ের সাধারণ স্থান ভেদে প্রতি রাতের খরচ শুরু হয় ৩০ থেকে ৩৫ ডলার থেকে।