পৃথিবীর সবচেয়ে অপরূপ গন্তব্যগুলোর একটিতে যাওয়ার স্বপ্ন দেখেন অনেকেই। কিন্তু যদি সেই ভ্রমণ হয় সম্পূর্ণ বিনামূল্যে এবং সেই সঙ্গে প্রকৃতি সংরক্ষণেও রাখা যায় অবদান? ঠিক এমনই একটি দুর্লভ সুযোগ এনেছে চিলির পাতাগোনিয়া অঞ্চলের বিখ্যাত লাস তোরেস পাতাগোনিয়া এবং এসকেওয়াই এয়ারলাইন।
স্বপ্নের গন্তব্য তোরেস দেল পাইনে
চিলির পাতাগোনিয়ায় অবস্থিত তোরেস দেল পাইনে জাতীয় উদ্যান বিশ্বের অন্যতম সুন্দর প্রাকৃতিক স্থান। বরফাচ্ছাদিত পর্বতমালা, হিমবাহ, ফিরোজা রঙের হ্রদ এবং ঘন বনভূমিতে ঘেরা এই উদ্যান প্রতিবছর লক্ষ লক্ষ পর্যটককে মুগ্ধ করে। পর্বতারোহী ও হাইকারদের কাছে এখানকার বিখ্যাত "ডব্লিউ ট্রেক" অত্যন্ত জনপ্রিয়, যা আসেনসিও, ফরাসি এবং গ্রে গ্লেসিয়ার ভ্যালিকে সংযুক্ত করে প্রায় ৪০ মাইল দীর্ঘ।
"১০ স্বেচ্ছাসেবী ১০ দিন" ক্যাম্পেইন
লাস তোরেস পাতাগোনিয়া ও এসকেওয়াই এয়ারলাইন যৌথভাবে ২০২৬ সালের জন্য চালু করেছে "১০ ভলান্টিয়ার্স ফর ১০ ডেজ" ক্যাম্পেইনের তৃতীয় সংস্করণ। এই উদ্যোগের আওতায় ১০ জন নির্বাচিত স্বেচ্ছাসেবী লাস তোরেস বেস ভিউপয়েন্টের দিকে যাওয়া ট্রেইল পুনর্নির্মাণ ও সংস্কারে অংশ নেবেন, সম্পূর্ণ বিনামূল্যে।
গত সংস্করণে স্বেচ্ছাসেবীরা ২২০ ফুট নতুন ট্রেইল নির্মাণ এবং ৬৭৮ ফুট বিদ্যমান পথ সংস্কার করেছেন। এবছর প্রথম পর্যায়ে পায়ে হাঁটার পথ এবং লজিস্টিক্যাল ট্রেইলের পুনরুজ্জীবন প্রকল্প পরিচালিত হবে, যা ঘোড়া ও পর্যটকদের পথ আলাদা করবে এবং প্রকৃতি ও বন্যপ্রাণী রক্ষায় সহায়তা করবে।
লাস তোরেস পাতাগোনিয়ার সিইও জোসিয়ান ইয়াকসিক বলেন, এই ক্যাম্পেইন পর্যটনের প্রকৃত রূপ তুলে ধরে, যেখানে অংশগ্রহণ, পুনরুজ্জীবন এবং ভূমির সঙ্গে গভীর সংযোগ রয়েছে।
কীভাবে আবেদন করবেন
আবেদনকারীর বয়স ২১ বছরের বেশি হতে হবে এবং চিলি, ব্রাজিল, যুক্তরাষ্ট্র, কানাডা অথবা যুক্তরাজ্যের বাসিন্দা হতে হবে। ইনস্টাগ্রামে দায়িত্বশীল পর্যটন ও টেকসই উন্নয়ন নিয়ে একটি সংক্ষিপ্ত ভিডিও পোস্ট করতে হবে। পোস্টে #mygreenvideo হ্যাশট্যাগ ব্যবহার এবং @lastorres.patagonia ফলো করা বাধ্যতামূলক। আবেদনের শেষ সময় ২৭ ফেব্রুয়ারি, মধ্যরাত।
বিজয়ীরা যা পাবেন
বিজয়ীরা পাবেন পুয়ের্তো নাতালেস পর্যন্ত রাউন্ড ট্রিপ বিমান টিকিট, হোটেল লাস তোরেসে যাতায়াত, জাতীয় উদ্যানে পাঁচ রাতের আবাসন এবং চিলির পাতাগোনিয়া অন্বেষণের বিশেষ ভ্রমণ সুযোগ। অবস্থানের সময়সীমা ২২-২৬ মার্চ অথবা ২৮ মার্চ থেকে ১ এপ্রিল।