টানা ভারী বর্ষণ ও ভূমিধসের ঝুঁকিতে সাময়িক বন্ধ থাকার প্রায় ৯ দিন পর পর্যটকদের জন্য আবারও খুলে দেওয়া হয়েছে সাজেক ভ্যালিসহ রাঙামাটি জেলার সব পর্যটন কেন্দ্র। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বুধবার এ সিদ্ধান্ত জানিয়েছে জেলা প্রশাসন।

বুধবার (১৫ জুলাই) বিকেলে রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত জরুরি গণবিজ্ঞপ্তিতে পর্যটন কেন্দ্রগুলো উন্মুক্ত করার কথা জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান বর্ষা মৌসুমে চলাচলের সময় পর্যটক ও সংশ্লিষ্ট সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে। একই সঙ্গে জেলা প্রশাসনের সময়ে সময়ে জারি করা নির্দেশনা যথাযথভাবে মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

এর আগে আবহাওয়া পরিস্থিতির পূর্বাভাস এবং রাঙামাটি পার্বত্য জেলায় অব্যাহত ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে ভূমিধসের ঝুঁকি তৈরি হয়। যোগাযোগ ব্যবস্থাও বিঘ্নিত হয়। এ পরিস্থিতিতে গত ৭ জুলাই বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন।

পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় প্রায় ৯ দিন পর সাজেক ভ্যালিসহ জেলার পর্যটন কেন্দ্রগুলো আবার পর্যটকদের জন্য উন্মুক্ত করা হলো।

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত সাজেক দেশের অন্যতম জনপ্রিয় পাহাড়ি পর্যটন গন্তব্য। বর্ষাকালে মেঘ, সবুজ পাহাড় ও প্রাকৃতিক দৃশ্য দেখতে সেখানে পর্যটকদের আগ্রহ বাড়ে। তবে এ মৌসুমে পাহাড়ি সড়কে ভূমিধস ও যোগাযোগ বিঘ্নের ঝুঁকি থাকায় ভ্রমণের আগে আবহাওয়া এবং স্থানীয় প্রশাসনের সর্বশেষ নির্দেশনা জেনে নেওয়া গুরুত্বপূর্ণ।