দেশের তিন পার্বত্য জেলার বৈচিত্র্যময় ফল, সংস্কৃতি ও কৃষি সম্ভাবনাকে তুলে ধরতে রাজধানী ঢাকায় শুরু হচ্ছে তিন দিনের পাহাড়ি ফল মেলা। পাহাড়ি অঞ্চলের জনপ্রিয় ও দুর্লভ নানা ফল এক ছাদের নিচে দেখার পাশাপাশি কেনার সুযোগ পাবেন দর্শনার্থীরা।

‘পাহাড়ি ফলের ঘ্রাণ, বৈচিত্র্যময় প্রাণ’ প্রতিপাদ্যে আয়োজিত এ মেলা শনিবার (২৭ জুন) থেকে শুরু হবে বেইলি রোডের পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে। আয়োজন করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

শনিবার সকাল ১০টায় মেলার উদ্বোধন করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, খাগড়াছড়ির সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁইয়া, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মার্মার।

মেলা চলবে টানা তিন দিন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

আয়োজকরা জানিয়েছেন, এবারের মেলায় বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার মোট ৩০টি স্টল অংশ নেবে। এসব স্টলে পাহাড়ের আম, আনারস, কাঁঠাল, কলা ছাড়াও পাওয়া যাবে রক্তফল বা রসকো, রাম্বুটান, বুনোবেলসহ বিভিন্ন দুর্লভ ও আকর্ষণীয় ফল।

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের অনুকূল আবহাওয়া ও জীববৈচিত্র্যের কারণে দেশে উৎপাদিত অনেক ব্যতিক্রমী ফলের চাষ সেখানে সম্প্রসারিত হচ্ছে। ফলে এ ধরনের আয়োজন শুধু ফল বিপণনই নয়, বরং পাহাড়ি কৃষিপণ্য, স্থানীয় অর্থনীতি এবং পর্যটন সম্ভাবনা তুলে ধরতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

গ্রীষ্ম ও বর্ষা মৌসুমে পাহাড়ি জেলাগুলোতে ফলভিত্তিক পর্যটনের আগ্রহও বাড়ছে। রাজধানীতে আয়োজিত এ মেলা সেই বৈচিত্র্যের একটি ঝলক দেখার সুযোগ করে দেবে নগরবাসীকে।

তথ্যবক্স

স্থান: পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স, বেইলি রোড, ঢাকা

সময়: সকাল ১০টা থেকে রাত সাড়ে ৮টা

মেয়াদ: ৩ দিন

স্টল সংখ্যা: ৩০

অংশগ্রহণকারী জেলা: বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি