বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) মান পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ায় চার প্রতিষ্ঠানের আট ধরনের পণ্য বাজার থেকে অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে। পরীক্ষায় কিছু পণ্যে অতিরিক্ত প্রিজারভেটিভ, কিছুতে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অণুজীবের উপস্থিতি এবং কোথাও নির্ধারিত মানের ব্যত্যয় পাওয়া গেছে। জনস্বার্থ ও ভোক্তা সুরক্ষার স্বার্থে এসব পণ্যের উৎপাদন, বিক্রয় ও বিতরণও সাময়িকভাবে বন্ধ রাখতে বলা হয়েছে।

সোমবার বিএসটিআইর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অতিরিক্ত প্রিজারভেটিভ পাওয়ায় ফ্রেশ গার্ডেন অ্যাগ্রো রিসোর্সেসের আমের আচার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কাজী ফুড ইন্ডাস্ট্রিজের বেলিসিমো ব্র্যান্ডের রোটোন্ডো হ্যাজেলনাট কোটেড চকলেট আইসক্রিমে বাংলাদেশ মানের নির্ধারিত সীমার চেয়ে বেশি টোটাল মিল্ক সলিড নন ফ্যাট পাওয়ায় সেটিও প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া মানবদেহের জন্য ক্ষতিকর অণুজীবের উপস্থিতি পাওয়ায় অলিভ বাংলাদেশের লাবণ্য ব্র্যান্ডের মিল্ক স্কিন লোশন, অ্যালোভেরা স্কিন লোশন, মোরিংগা ও মাচা ফোমিং মিল্ক ফেসওয়াশ এবং অ্যালোভেরা ভ্যারিয়েন্টের শ্যাম্পু বাজার থেকে তুলে নিতে বলা হয়েছে।

অন্যদিকে ডেকো ফুডসের ডেকো ফ্রুট ফান্ডা ব্র্যান্ডের ম্যাঙ্গো ও অরেঞ্জ ভ্যারিয়েন্টের সফট ড্রিংক পাউডারে বাংলাদেশ মান অনুযায়ী প্রয়োজনীয় মাত্রার চেয়ে কম ভিটামিন সি পাওয়ায় পণ্য দুটি প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বিএসটিআই।

সংস্থাটি জানিয়েছে, পরীক্ষায় অকৃতকার্য হওয়া পণ্যগুলোর বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে প্রত্যাখ্যানপত্র দেওয়া হয়েছে। লাইসেন্স নবায়ন বা পুনরায় অনুমোদন না পাওয়া পর্যন্ত এসব পণ্যের উৎপাদন, বিক্রয় ও বিতরণ থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে দেশের সব পরিবেশক, ডিলার ও খুচরা বিক্রেতার কাছ থেকেও পণ্যগুলো দ্রুত প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা বাস্তবায়ন নিবিড়ভাবে তদারকি করবে বিএসটিআই। নির্দেশ অমান্য করলে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিএসটিআইর মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক বলেন, মানসম্মত পণ্য পাওয়া জনগণের অধিকার। তিনি ক্রেতাদের পণ্য কেনার আগে বিএসটিআইর মানচিহ্ন, লাইসেন্স নম্বর, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করার আহ্বান জানান। পাশাপাশি কোনো পণ্যের মান, ভেজাল, প্রতারণা বা বিএসটিআইর মানচিহ্নের অপব্যবহার সম্পর্কে অভিযোগ থাকলে তা দ্রুত সংস্থাটিকে জানানোর অনুরোধ করেন।

এদিকে বিএসটিআইর নির্দেশনার পর নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে কাজী ফুড ইন্ডাস্ট্রিজ। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, বেলিসিমো ব্র্যান্ডের রোটোন্ডো আইসক্রিমের সংশ্লিষ্ট ব্যাচের নমুনা পুনরায় পরীক্ষার জন্য তারা গত ২ জুলাই আবেদন করেছে। বর্তমানে পুনঃপরীক্ষার জন্য নমুনা প্রস্তুতের কাজ চলছে। প্রতিষ্ঠানটি জানায়, তারা বিএসটিআইর সব মান ও বিধিমালা মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ।

গুরুত্বপূর্ণ তথ্য

  • প্রত্যাহারের নির্দেশ পেয়েছে: ৪ প্রতিষ্ঠানের ৮ ধরনের পণ্য।
  • কারণ: অতিরিক্ত প্রিজারভেটিভ, ক্ষতিকর অণুজীবের উপস্থিতি এবং মানদণ্ডে ব্যত্যয়।
  • লাইসেন্স নবায়ন বা অনুমোদন না হওয়া পর্যন্ত উৎপাদন, বিক্রয় ও বিতরণ বন্ধ রাখতে হবে।
  • নির্দেশনা বাস্তবায়ন তদারকি করবে বিএসটিআই।