লন্ডনগামী যাত্রীদের ভ্রমণ যেন নির্বিঘ্ন হয়, সে জন্য আগেভাগে ভিসা ও পাসপোর্ট সংক্রান্ত তথ্য যাচাই ও হালনাগাদের ওপর বিশেষ জোর দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যের নতুন সীমান্ত ব্যবস্থায় পরিবর্তনের ফলে অনেক যাত্রী, বিশেষ করে দ্বৈত ব্রিটিশ নাগরিকরা, প্রবেশ জটিলতায় পড়ছেন। এই প্রেক্ষাপটে যাত্রীদের সতর্ক করতে বিশেষ নির্দেশনা দিয়েছে রাষ্ট্রায়ত্ত এই সংস্থা।

বিমান বাংলাদেশের ফ্লাইটে যারা বাংলাদেশ থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন, ভ্রমণের আগে তাদেরকে ভিসা ও পাসপোর্ট সঠিক ও বৈধ কি না তা নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (৯ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানায়, লন্ডনগামী সব যাত্রীকে ভ্রমণের আগে তাদের ভিসা ও পাসপোর্টের তথ্য যাচাই করতে হবে। যাত্রার কমপক্ষে ৪৮ ঘণ্টা আগে সর্বশেষ পাসপোর্টের তথ্য ইউকেভিআই অ্যাকাউন্টে হালনাগাদ করা বাধ্যতামূলক।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইউকে বর্ডার ফোর্সের নির্দেশনা অনুযায়ী পাসপোর্ট বা ভিসার তথ্য হালনাগাদ না থাকলে যুক্তরাজ্যে প্রবেশের সময় অতিরিক্ত যাচাইয়ের মুখে পড়তে হতে পারে। এতে যাত্রায় বিলম্ব কিংবা নানা ধরনের জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

এমন পরিস্থিতি এড়াতে যাত্রা শুরুর আগেই সব প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে সম্পন্ন করে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ।

উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাজ্যের নতুন সীমান্ত ব্যবস্থায় পদ্ধতিগত পরিবর্তন আনার ফলে দ্বৈত ব্রিটিশ নাগরিকদের প্রবেশ প্রক্রিয়ায় জটিলতা দেখা দিয়েছে। এতে বাংলাদেশি বংশোদ্ভূত অনেক যাত্রী সমস্যায় পড়েছেন। এই বাস্তবতায় যাত্রীদের ভ্রমণ ঝুঁকি কমাতে আগাম সতর্কতামূলক এই নির্দেশনা জারি করল বিমান।