বসন্তের আগমনে প্রকৃতি যেন নতুন করে প্রাণ ফিরে পায়। সেই ঋতুর রঙে রাঙা হয়ে উঠেছে কক্সবাজারের মেরিন ড্রাইভ। সমুদ্রের নীল জলরাশি, পাহাড়ঘেরা পথ আর দুই পাশে ফুটে থাকা পলাশ ও শিমুলের লাল হলুদ আভা মিলিয়ে পুরো এলাকা এখন এক অনন্য সৌন্দর্যের আবেশে ভরপুর।

কক্সবাজারের অন্যতম দর্শনীয় সড়ক মেরিন ড্রাইভে বসন্তে পেয়েছে ভিন্ন এক রূপ। রাস্তার দুপাশে সারি সারি পলাশ ও শিমুল গাছে ফুটতে শুরু করেছে ফুল। আগুনরঙা লাল আর উজ্জ্বল হলুদের মিশেলে পুরো সড়কজুড়ে তৈরি হয়েছে উৎসবের আবহ।

সকালের কোমল রোদ আর বিকেলের মৃদু বাতাসে দোল খাওয়া ফুল পথচারী ও ভ্রমণপিপাসু মানুষের চোখে এনে দিচ্ছে প্রশান্তি। গাছের ডালে ডালে দেশি পাখির কিচিরমিচির শব্দ এই দৃশ্যকে আরও জীবন্ত করে তুলছে।

এই পথে নিয়মিত চলাচলকারী আসাদ বলেন, প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করলেও বসন্ত এলে দৃশ্যটা পুরো বদলে যায়। লাল পলাশ আর শিমুলে পুরো পথটা যেন উৎসবের সাজে সেজে ওঠে। সকালে হাঁটতে বের হলে পাখির ডাক আর ঠান্ডা বাতাস মনকে সতেজ করে দেয়। মনে হয় প্রকৃতির এই আয়োজন যেন আমাদের জন্যই।

স্থানীয়দের ভাষ্য, বসন্তকালেই মেরিন ড্রাইভ সবচেয়ে বেশি প্রাণবন্ত হয়ে ওঠে। অনেক ভ্রমণকারী গাড়ি থামিয়ে ছবি তুলছেন, আবার অনেক পরিবার মনোরম পরিবেশে সময় কাটাচ্ছেন। পাশেই বিস্তৃত সমুদ্র সৈকতের গভীর নীল জলরাশির সঙ্গে পলাশ ও শিমুলের রঙিন আভা মিলে সৃষ্টি করছে দৃষ্টিনন্দন এক প্রাকৃতিক পটভূমি।