ভ্রমণের আগে বৃষ্টি, তুষারপাত বা ঝড়ের পূর্বাভাস জানা পর্যটকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পূর্বাভাস আরও ঘন ঘন ও নির্ভুল করার লক্ষ্য নিয়ে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক আবহাওয়া মডেল ‘ওয়েদারনেক্সট ৩’ উন্মোচন করেছে গুগল ডিপমাইন্ড ও গুগল রিসার্চ। নতুন মডেলটি প্রতি ঘণ্টায় পূর্বাভাস হালনাগাদ করতে পারবে, যা ভ্রমণ ও বহিরাঙ্গন কার্যক্রম পরিকল্পনায় বাড়তি সুবিধা দিতে পারে।
গত ৩ সেপ্টেম্বর গুগল নতুন মডেলটি উন্মোচন করে। প্রতিষ্ঠানের দাবি, বৈশ্বিক আবহাওয়ার পূর্বাভাসে এটি তাদের এখন পর্যন্ত সবচেয়ে উন্নত ও নির্ভুল কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মডেল।
আগের ‘ওয়েদারনেক্সট ২’ ছয় ঘণ্টা পরপর পূর্বাভাস তৈরি করত। নতুন মডেলটি প্রতি ঘণ্টায় পূর্বাভাস দিতে পারে এবং বৈশ্বিক আবহাওয়ার চিত্র আগের সংস্করণের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি বিস্তারিতভাবে উপস্থাপন করতে সক্ষম।
ভ্রমণকারীদের জন্য কেন গুরুত্বপূর্ণ
হঠাৎ বৃষ্টি, তুষারপাত, ঝড় কিংবা দ্রুত পরিবর্তনশীল আবহাওয়া ভ্রমণ পরিকল্পনায় বড় প্রভাব ফেলে। ওয়েদারনেক্সট ৩-এর ঘন ঘন হালনাগাদ হওয়া পূর্বাভাস পর্যটকদের বিমানযাত্রা, সড়কভ্রমণ, সমুদ্রভ্রমণ এবং বহিরাঙ্গন কার্যক্রমের পরিকল্পনায় সহায়ক হতে পারে।
নতুন মডেলটি সরাসরি স্যাটেলাইটের তাৎক্ষণিক তথ্য ব্যবহার করে। তাপমাত্রা ও আর্দ্রতার মতো তথ্য সর্বোচ্চ ৫ কিলোমিটার রেজল্যুশনে এবং অন্যান্য কিছু ভূপৃষ্ঠসংক্রান্ত তথ্য ১০ কিলোমিটার রেজল্যুশনে পূর্বাভাস দেওয়া সম্ভব হবে।
বিশেষ করে এক দিন বা তার বেশি সময় আগে বৃষ্টির পূর্বাভাসের ক্ষেত্রে নির্ভুলতা সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে গুগল। ফলে সপ্তাহান্তের ভ্রমণ, পাহাড় বা সমুদ্রসৈকত ভ্রমণ এবং অন্যান্য বহিরাঙ্গন কার্যক্রম পরিকল্পনায় ব্যবহারকারীরা আরও কার্যকর তথ্য পেতে পারেন।
ওয়েদারনেক্সট ৩ ইতিমধ্যে গুগল সার্চ, জেমিনি, গুগল ম্যাপস, গুগল ম্যাপস প্ল্যাটফর্মের আবহাওয়া সেবা এবং গুগল আর্থ ইঞ্জিনে যুক্ত করা শুরু হয়েছে।
তবে গুগল জানিয়েছে, গুরুতর আবহাওয়া পরিস্থিতি, জননিরাপত্তা সতর্কতা বা দুর্যোগসংক্রান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে এই মডেলের তথ্যকে সরকারি পূর্বাভাসের বিকল্প হিসেবে ব্যবহার করা উচিত নয়। এ ধরনের পরিস্থিতিতে সংশ্লিষ্ট দেশের জাতীয় আবহাওয়া সংস্থার নির্দেশনা অনুসরণ করতে হবে।