কক্সবাজারের পাটুয়ারটেক এলাকায় মেরিন ড্রাইভ সড়কের পাশে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আগুনে আহত হন কয়েকজন। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন।
রিসোর্টটি কক্সবাজার শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। দুই তলা কাঠামোটির একপাশে ছিল ইটের পাকা দেয়াল। বাকি অংশ কাঠ, বাঁশ ও টিন দিয়ে তৈরি।
রিসোর্টের অতিথি আইরীন জাহান মীমের বর্ণনা অনুযায়ী, শনিবার সকাল ৬টার পর তিনি ও তার বান্ধবী ইসরাত জাহান ইমা হাঁটতে বের হয়েছিলেন। তখন সবকিছু স্বাভাবিক ছিল। কিছুক্ষণ পর ফিরে এসে তারা রিসোর্টের সামনে আগুন দেখতে পান।
মীম বিবিসি বাংলাকে বলেন, তার ফোন থেকে সকাল ৭টা ১৮ মিনিটে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। এ সময় রিসোর্টের কেয়ারটেকার অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছিলেন ঠিকই। কিন্তু সেই চেষ্টার মধ্যেই একটি বড় বিস্ফোরণ ঘটে, এরপর আরও কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে।
মীমের ধারণা, রিসোর্টে থাকা গ্যাসের সিলিন্ডার ও তেলভর্তি পাত্রের কারণে বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ সম্পর্কে তিনি নিশ্চিত নন। আগুন ছড়িয়ে পড়ার সময় তারা ভেতরে আটকে পড়া মানুষদের উদ্ধারের জন্য চিৎকার করছিলেন। একপর্যায়ে পাশের কক্ষ থেকে এক নারী কাচ ভেঙে লাফ দিয়ে বেরিয়ে আসেন বলেও জানান তিনি।
মীম ও ইমা তাদের আরেক বান্ধবী নাসরিন আক্তার মুক্তাকে রিসোর্টের ভেতরে আটকে থাকতে দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন। তারা তাকে ডাকছিলেন এবং ফোন করছিলেন, কিন্তু কোনো সাড়া পাচ্ছিলেন না।
ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে সকাল সোয়া আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর শুরু হয় আহত ও নিহত ব্যক্তিদের উদ্ধারের কাজ। অগ্নিকাণ্ডে আহত সাতজনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।