বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে আপনি কয়টি ঘুরেছেন, তার হিসাব কি মনে আছে? কোথাও লিখে না রাখলে অনেক সময় পুরোনো ভ্রমণের কথা মনে করা কঠিন হয়ে পড়ে। সেই হিসাব সহজে চোখের সামনে আনতে তৈরি করা হয়েছে অনলাইন ভ্রমণ ম্যাপ। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ম্যাপ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। কয়েকটি ধাপ অনুসরণ করেই নিজের ভ্রমণচিত্র তৈরি করে তা বন্ধুদের সঙ্গে শেয়ার করা যাচ্ছে।
ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে
ভ্রমণ ম্যাপ তৈরি করতে যেতে হবে আনসিন বাংলাদেশ ওয়েবসাইটে। বাংলাদেশের জন্য ভালোবাসা থেকে এই ভ্রমণ ম্যাপ তৈরি করেছেন ভ্রমণপ্রেমী মো. সাব্বির হোসেন রবিন।
ওয়েবসাইটে আটটি বিভাগে থাকা ৬৪ জেলার তালিকা রয়েছে। আপনি যেসব জেলায় ভ্রমণ করেছেন, সেগুলোর নাম নির্বাচন করতে পারবেন। চাইলে মানচিত্রে সরাসরি জেলার ওপর ক্লিক করেও বেছে নেওয়া যাবে। জেলার নাম লিখে খুঁজে নেওয়ার সুবিধাও রয়েছে।
যতগুলো জেলা নির্বাচন করবেন, তার মোট সংখ্যা ম্যাপে দেখাবে। যেমন, ৬৪ জেলার মধ্যে ১০টি জেলা ঘুরে থাকলে হিসাব দেখাবে ১০/৬৪। একসঙ্গে সব জেলা নির্বাচন বা নতুন করে শুরু করার জন্য রয়েছে ‘সব বাছাই করুন’ ও ‘সব মুছুন’ সুবিধা।
ভ্রমণ ম্যাপকে ব্যক্তিগত করে তুলতে রয়েছে পাঁচটি থিম। পছন্দের থিম বেছে নেওয়ার পাশাপাশি নিজের ছবি ও নামও যোগ করা যাবে। নাম দেওয়া ঐচ্ছিক। নাম না দিলে ম্যাপে ‘আমার বাংলাদেশ’ লেখা থাকবে।
সবকিছু ঠিক করার পর ‘আপনার ম্যাপ ডাউনলোড করুন’ অপশন থেকে মানচিত্রটি পিএনজি, জেপিজি বা পিডিএফ ফরম্যাটে সংরক্ষণ করা যাবে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুদের সঙ্গে শেয়ার করা যাবে।
শুধু হিসাব নয়, পরের ভ্রমণের পরিকল্পনাও
আনসিন বাংলাদেশে ৬৪ জেলার ২৪০টির বেশি দর্শনীয় স্থান সম্পর্কে তথ্য রয়েছে। কোনো জায়গা খুঁজলে সেখানে যাওয়ার উপায়, আনুমানিক খরচ ও থাকার ব্যবস্থা সম্পর্কেও তথ্য পাওয়া যায়। ফলে আগে কোথায় ঘুরেছেন, তার হিসাবের পাশাপাশি পরের গন্তব্যও ঠিক করা যায়। একাধিক জেলা নিয়ে ভ্রমণ পরিকল্পনার জন্য রয়েছে ‘ট্রিপ প্ল্যানার’ সুবিধাও।