বান্দরবানের জনপ্রিয় পর্যটনকেন্দ্র তিন্দুতে যাতায়াতে ভোগান্তি বাড়ছে। ঝুঁকিপূর্ণ থানচি-তিন্দু সড়কে পর্যটকবাহী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। সড়কটি সংস্কার না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। ফলে আলীকদম থেকে তিন্দুবাজার, বড় পাথর, রেমাক্রী ও নাফাখুমে যেতে পর্যটকদের বিকল্প পথে চলতে হবে। এতে প্রায় ১৮ কিলোমিটার বাড়তি পথ পাড়ি দিতে হতে পারে।
গত বৃহস্পতিবার রাতে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল-ফয়সালের সই করা গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
আলীকদম-থানচি সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে তিন্দুবাজার পর্যন্ত প্রায় আট কিলোমিটার দীর্ঘ সংযোগ সড়কটি থানচি-তিন্দু সড়ক নামে পরিচিত। এ পথ ব্যবহার করে পর্যটকেরা তিন্দুসহ আশপাশের বিভিন্ন দর্শনীয় স্থানে যাতায়াত করেন।
ঝুঁকিপূর্ণ সড়কে দুর্ঘটনা
থানচি-তিন্দু সড়কটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। গত ৫ অক্টোবর এ সড়কে পর্যটকবাহী একটি গাড়ি গভীর খাদে পড়ে যায়। এতে দুই পর্যটক নিহত ও পাঁচজন আহত হন। এ দুর্ঘটনার পর সড়কটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ১৯ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে সড়কটির নির্মাণকাজ শুরু করলেও তা এখনো শেষ হয়নি। আলীকদম-থানচি সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট এবং তিন্দুবাজার অংশের নির্মাণকাজ শেষ হয়েছে। তবে মাঝের অংশ এখনো কাঁচা ও ঝুঁকিপূর্ণ।
এলজিইডির প্রকৌশলীদের দাবি, বরাদ্দের ঘাটতির কারণে সড়কটির নির্মাণকাজ শেষ করা সম্ভব হয়নি।
প্রাকৃতিক সৌন্দর্যে আকর্ষণীয় তিন্দু
সাঙ্গু বা শঙ্খ নদ, চারপাশের সবুজ পাহাড় এবং পাহাড়ের গায়ে ভেসে থাকা মেঘের জন্য তিন্দু পর্যটকদের কাছে আকর্ষণীয়। বিশেষ করে বর্ষা ও শরৎকালে এখানকার প্রাকৃতিক দৃশ্য দেখতে অনেক পর্যটক ভিড় করেন।
তবে সড়কটির সংস্কার শেষ না হওয়া পর্যন্ত পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা থাকায় ভ্রমণের আগে পর্যটকদের স্থানীয় প্রশাসনের নির্দেশনা ও যাতায়াতের বিকল্প ব্যবস্থা সম্পর্কে খোঁজ নেওয়া জরুরি।